যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে জয়নুল আবেদীন (৫৮) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি জয়নুল আবেদীন স্ত্রী ও সাত সন্তান নিয়ে ডেট্রয়েট সিটির কাশ্মীর স্ট্রিটে সপরিবারে বসবাস করতেন। তিনি পেশায় একজন ক্যাবি ছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধে।
শুক্রবার রাতে জয়নুল আবেদীন মসজিদে তারাবির নামাজ পড়ে ট্যাক্সি ক্যাব নিয়ে বের হন। সর্বশেষ রাত ১২টায় পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ভোরে গাড়িতে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
পুলিশ ধারণা করছে, রাত আনুমানিক দেড়টা থেকে ৩টার মধ্যে ট্যাক্সি ক্যাব চালানো অবস্থায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
