সড়ক-মহাসড়ক সবচেয়ে ভালো অবস্থায় আছে ঈদ যাত্রা স্বস্তির হবে ---------------- কাদের

আপডেট : ২৬ মে ২০১৯, ২২:৫৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদযাত্রা বিগত সময়ের চেয়ে অনেক সহজ ও স্বস্তিদায়ক হবে। দেশের মহাসড়ক-সড়কগুলো ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় আছে। পরিবহন নিয়ম-কানুন মেনে চললে, রেষারেষি না করে মুখোমুখি সংঘর্ষের মতো কারণ না ঘটালে, রং সাইডে না গেলে অস্বস্তিকর কিছু হবে না। গতকাল রবিবার মতিঝিলে বিআরটিসির সদর দপ্তরে আসন্ন ঈদে বিআরটিসির প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় বিআরটিসির বাসে অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সত্ভাবে, পরিচ্ছন্নভাবে বিআরটিসিকে পরিচালনা করলে জনগণের সামনে সুনাম অক্ষুণ্ন থাকবে। এখন বিআরটিসির সেই সুনাম নেই। ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় আরো আসছে চারশ বাস। সদ্য সংগৃহীত বাস লিজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম মেনে নেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কী হয়? বিআরটিসি যেন সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন।

ওবায়দুল কাদের বলেন, উত্তরবঙ্গগামী টাঙ্গাইল সড়কের দুটি ফ্লাইওভার ও চারটি আন্ডারপাস খুলে দেওয়ায় যানজট না থাকলেও টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত রাস্তায় কিছুটা সমস্যা হতে পারে। এ সমস্যা নিরসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করেছি। এছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ৩শ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। ঈদে নতুন পুরান মিলিয়ে ১ হাজার ১৪২টি (বিআরটিসির) বাস চলাচল করবে। তিনি বলেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে যা যা দরকার, তা করা হবে। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতার পর সরকারের সমালোচনা না করলে বিএনপির রাজনীতি টিকে না। বিএনপির সমালোচনায় সত্যতা থাকলে সরকার নিজেদের সংশোধন করবে।

এ সময় বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ। সাক্ষাত্কালে দক্ষ গাড়িচালক তৈরিতে এডিবি আর্থিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।