কপোতাক্ষ নদে ভবন নির্মাণ বন্ধ হলেও পিলার রয়েছে

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:২১
কপোতাক্ষ নদের জমি দখল করে ৪০টি পাকা ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে কাজ বন্ধ হলেও ভবনের জন্য নির্মিত আরসিসি পিলার এখনও অপসারণ করা হয়নি। যে কোনো সময় এ ভবন নির্মাণ কাজ পুনরায় শুরু হবে বলে মনে করছেন স্থানীয়রা। তালা ও পাইকগাছা উপজেলা সীমান্তবর্তী কপিলমুনি (বিনোদগঞ্জ) বাজারের পশ্চিম পাশে কপোতাক্ষ নদের ভিতরের জমিতে ওই ভবন নির্মাণ করা হচ্ছে। কপিলমুনি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নিজেই ভবন নির্মাণের কাজটি তদারকি করছিলেন। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সংগ্রাম কমিটির সমন্বয়কারী এ্যাড. মুস্তফা লুত্ফুল্ল¬াহ জানান, নদের ভিতরে নির্মাণ কাজ বন্ধ করলে হবে না। এটি অপসারণ করতে হবে। অপসারণ না হলে ভূমিদস্যুরা যে কোনো সময় আবারও ভবন নির্মাণ কাজ শুরু করবে। কপিলমুনি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা জানান, কপিলমুনি বাজারের উন্নয়নের স্বার্থে কপোতাক্ষ নদের ৭০ ফুট জায়গা দখল করে ভবন নির্মাণের কাজ চলছিল। বর্তমানে প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায়, সাতক্ষীরার তালা ও খুলনার পাইকগাছা উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছে কপোতাক্ষ নদ। কপিলমুনি বাজারের পশ্চিম পাশে নদের ভিতরের জমিতে ভবনের জন্য ৭০টি আরসিসি পিলার বসানো হয়েছে। বর্তমান নির্মাণ কাজ বন্ধ রয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির উদ্দীন জানান, নদের ভিতরে হওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে এখনও পিলার অপসারণ করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কপোতাক্ষ নদ খননের অবস্থা দেখে অপসারণ করা হবে। এ মুহূর্তে নির্মিত পিলার অপসারণ করা হচ্ছে না।