গলাচিপায় ডাকাতি ও শ্লীলতাহানি

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:২৩
গলাচিপা উপজেলার উত্তর সুতাবাড়িয়া গ্রামে গত মঙ্গলবার রাতে গৌরাঙ্গ আইচের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময়ে গণধর্ষণের শিকার হয়েছে ২২ বছরের এক গৃহবধূ। ডাকাতরা সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বর্গীয় গৌরাঙ্গ আইচের ছেলেরা কেউ বাড়িতে থাকে না। ঘটনার দিন বাড়িতে গৌরাঙ্গ আইচের ছোট ছেলে তাপসের মা বিভা রানী (৫৫), স্ত্রী পাপরি অইচ (২২) তিন বছরের তিথি ও ভাগিনি ঐশি (৯) ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে ডাকাতরা অস্ত্রের মুখে বিভা রানীসহ অন্যদের হাত-পা বেঁধে ঘরের দোতলায় আটকে মালামাল নিয়ে যায়। আহত গৃহবধূকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরাঙ্গ আইচের বড় ছেলে মৃণাল কান্তি আইচ তিনজনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় মামলা করেন। গলাচিপা থানার ওসি শিশির কুমার পাল জানান, রাত ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।