গতকাল বুধবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা সরকারি আযম খান কর্মাস কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি যথাক্রমে কাজী আহাদুজ্জামান ডলার ও গোপাল চন্দ্র সাহা, বহিরাগত মো. শামীমসহ ৭ জনকে গ্রেফতার করেছে। বুধবার থেকে সরকারি আযম খান কমার্স কলেজে প্রথমবর্ষ ভর্তি ফরম বিক্রি শুরু হয়েছে। ভর্তি ইচ্ছুক ছাত্ররা কলেজে ভর্তি ফরম সংগ্রহের জন্য কলেজে ভিড় জমায়। এসময় কমার্স কলেজের ছাত্র এবং মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ হাজরা তার দলের কর্মীদের নিয়ে ভর্তি ইচ্ছুক ছাত্রদের সহযোগিতা করছিলো। এসময় ছাত্রলীগের অপর গ্রুপের নেতা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আহাদুজ্জামান ডলার ও গোপাল চন্দ্র সাহার নেতৃত্বে একদল ছাত্র সশস্ত্র অবস্থায় কলেজে প্রবেশ করে হামলা চালায়। হামলাকারীদের ধাওয়ায় সবুজ হাজরা ও মো. রিংকু ফরাজী দৌড়ে কলেজের বাইরে সন্ধানী ক্লিনিকে আশ্রয় নিতে গেলে রাস্তার উপরে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি যথাক্রমে কাজী আহাদুজ্জামান ডলার ও গোপাল চন্দ্র সাহা, বহিরাগত মো. শামীমকে এবং পরে কলেজ থেকে প্রথম বর্ষের ছাত্র সাকির, ৩য় বর্ষের আশিষ ও ফরম সংগ্রহকারী জুয়েলসহ ৭ জনকে গ্রেফতার করে।
