প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে পল্লী বিদ্যুত্ অফিস ঘেরাও

আপডেট : ২৭ মে ২০১৯, ০০:২১

আড়াইহাজার উপজেলার গোপালদীতে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে গতকাল রবিবার পল্লী বিদ্যুত্ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। প্রিপেইড মিটার স্থাপনের ফলে অতিরিক্ত বিল আসা ও গ্রাহক হয়রানি বাড়ার আশংকায় এই বিক্ষোভ করেন স্থানীয়রা ।

জানা যায়, বেশ কিছুদিন ধরে গোপালদী অফিসের আওতাধীন এলাকায় প্রিপেইড মিটার স্থাপনের কাজ চলছিল। গতকাল দুপুর ১২টার দিকে হঠাত্ রামচন্দ্রদী গ্রামের ২/৩শ নারী-পুরুষ জড়ো হয়ে গোপালদীর পল্লী বিদ্যুত্ অফিস ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকরা গোপালদী-রামচন্দ্রদী সড়কে টায়ারে আগুন দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে ঘণ্টাখানেক ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালদী পৌরসভার প্যানেল মেয়র আলী আজগর জানান, আন্দোলনে সাধারণ বিদ্যুত্ গ্রাহক ও পাওয়ারলুমের শ্রমিকরা অংশ নেন। তিনি জানান, গ্রাহকদের অভিযোগ হলো প্রিপেইড মিটারে অতিরিক্ত বিল আসে। তাছাড়া যখন তখন প্রিপেইড মিটারের কার্ড শেষ হয়ে যেতে পারে।

গোপালদী পল্লী বিদ্যুতের ডিজি এম মো. শাহাদত্ হোসেন জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রদী এলাকায় প্রিপেইড মিটার লাগাতে গিয়ে বাঁধার মুখে পড়তে হচ্ছে। রবিবার বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে এসে বিক্ষোভ করে। আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব বলে বুঝিয়ে গ্রাহকদের বিদায় করি।