গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন ১ জন নিহত

আপডেট : ২৭ মে ২০১৯, ০০:২২

গাজীপুরে একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার আগে সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় স্মোক সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে হুড়াহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বিকল এসির কমপ্রেসারে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণে আগুনের সূত্রপাত। কারখানার আশপাশে পানি ছিল না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উল্টোপাশ থেকে পানি এনে আগুন নেভাতে সময় লেগেছে।