থ্রিডি প্রিন্টার দিয়ে রোবট তৈরি করবে ইন্টেল

আপডেট : ২৯ মে ২০১৪, ২০:২৯
থ্রিডি প্রিন্টার বা ত্রিমাত্রিক প্রিন্টারের কর্মপরিধির ইতোমধ্যেই যথেষ্ট প্রসার ঘটেছে। তবে এই পরিধিকে আরও বাড়ানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ফলস্বরূপ এবারে ইন্টেল ত্রিমাত্রিক প্রিন্টারের সাহায্যে তৈরি করতে যাচ্ছে রোবট। এসব রোবট হাঁটা-চলাফেরায় সমর্থ হবে এবং কথাও বলতে পারবে। এসব রোবটের বিভিন্ন অংশ তৈরি হবে ত্রিমাত্রিক প্রিন্টারের সাহায্যে। গ্রাহকরা চাইলে এসব যন্ত্রাংশ কিনে নিয়ে একটি কিটের সাহায্যে তৈরি করে নিতে পারবে একটি আস্ত রোবট, যার নাম রাখা হয়েছে ‘জিমি’। চলতি বছরের শেষের দিকেই জিমি বাজারে আসবে বলে জানিয়েছে ইন্টেল। ক্যালিফোর্নিয়ায় চলমান কোড কনফারেন্সে এই রোবট তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে ইন্টেল। জিমির একটি প্রোটোটাইপ নিয়েই কোড কনফারেন্সে হাজির হয়েছিলেন ইন্টেলের সিইও ব্রায়ান ক্র্যাজনিক। মঞ্চে এসে ২ ফুট উচ্চতার জিমি বেশ কিছুক্ষণ চলাফেরা করে এবং দর্শনার্থীদের কাছে নিজের পরিচয় তুলে ধরে হাতও নাড়ে। জিমিকে ইন্টেল তৈরি করেছে মূলত গবেষণার কাজে ব্যবহারের জন্য। তবে এর বাইরেও ত্রিমাত্রিক প্রিন্টারের সাহায্যে রোবটের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী এবং গবেষক সংস্করণের চেয়ে কিছুটা কম কর্মক্ষমতার রোবটও তৈরি করবে তারা। কাস্টমাইজেবল এই রোবটকে যেমন গান শোনানোর জন্য প্রোগ্রাম করা যাবে, তেমনি এটি বিভিন্ন ভাষায় পারস্পারিক অনুবাদ করতে পারবে, টুইট করতে পারবে এবং এমনকি বিয়ারও সার্ভ করতে পারবে। যারা প্রযুক্তিকে নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসে, তাদের জন্যই মূলত এই রোবট তৈরি করছে ইন্টেল। একে তারা অনেকটা ‘ডু-ইট-ইয়োরসেল্ফ’ প্রকল্প আকারে নিয়ে আসবে। জিমির মালিক চাইলেই একে তার প্রয়োজনীয় বিভিন্ন কাজের জন্য প্রোগ্রাম করে নিতে পারবে। শুরুতে এর দাম ১,৬০০ ডলার রাখা হলেও আগামী পাঁচ বছরের মধ্যে এর দাম হাজার ডলারের নিচে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্র্যানজিক।