পণ্য পরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে যে সকল গাড়ির কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে, সে সকল গাড়িগুলোর কাগজপত্র হালনাগাদ করার জন্য জরিমানা ব্যতিরেকে কাগজপত্র নবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল রবিবার সমিতির তেজগাঁও ট্রাক টার্মিনালে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার। সভায় সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, গাড়ির কাগজপত্র জরিমানা ব্যতিরেকে নবায়নের সুযোগ দিলে একদিকে যেমন গাড়ির মালিক তার গাড়ির কাগজপত্র নবায়নের সুযোগ পাবে অন্যদিকে সরকারের শত শত কোটি টাকা রাজস্ব আদায় হবে। সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আমির হোসেন নান্নু, খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, ফারুক হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান ভুট্রু, প্রচার সম্পাদক হাজী মো. শাজাহান প্রমুখ।
