জাপানে গলফ খেলে, সুমো দেখে দিন পার ট্রাম্পের

আপডেট : ২৭ মে ২০১৯, ০০:৩৬

জাপান সফরে গলফ খেলে, সুমো খেলা দেখে আর বার্গার খেয়ে দ্বিতীয় দিন কাটলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এর মাধ্যমে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে ট্রাম্পের কূটনীতি ব্যক্তিগত পর্যায়ে পৌছালো বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আর ব্যবসায়ীরা আশা করছেন, এতে জাপানি পণ্যে শুল্ক আরোপ থেকে বিরত থাকতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষায় তার উদ্বেগ নেই। খবর রয়টার্স ও বিবিসির

যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের বাণিজ্যে উদ্বৃত্ত সাত হাজার কোটি ডলার। এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প খুশি নন। তিনি বাণিজ্য বৈষম্য কাটাতে চান বলে সফরের প্রথমেই উল্লেখ করেছেন। এজন্য জাপানি কোম্পানিকে যুক্তরাষ্ট্রে আরো বেশি বিনিয়োগের আহবান জানিয়েছেন। বাণিজ্য বৈষম্য কাটাতে চীনা পণ্যের মতো জাপানি পণ্যেও শুল্ক আরোপ করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প-এই আশংকা জাপানি কোম্পানির কর্তা ব্যক্তিদের মধ্যে আছে। কিন্তু গতকাল জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে গলফ খেলা, সুমো টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, একসঙ্গে বার্গার খাওয়ায় ব্যবসায়ীদের মধ্যকার আশংকা কিছুটা কেটেছে। এসব অনুষ্ঠান একইসঙ্গে উপভোগ করেন মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং শিনজো অ্যাবের স্ত্রী আকেই। এই প্রথম বাইরের কোনো প্রেসিডেন্ট জাপানের ঐতিহ্যবাহী খেলা সুমো উপভোগ করলেন। ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে গলফ খেলেন ট্রাম্প এবং অ্যাবে। এর আগে তারা সেলফি তোলেন। এক টুইটার বার্তায় সেলফির ছবি পোস্ট করে অ্যাবে বলেন, জাপান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন এভাবেই মজবুত থাকে। এদিকে ট্রাম্প গতকাল টুইটার বার্তায় উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষায় উদ্বেগ না জানিয়ে বলেছেন, এগুলো ক্ষুদ্র অস্ত্র। যদিও একদিন আগে তার নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছিলেন, ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের আইন লংঘন করেছে।