রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক রিপোর্টিং কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে (রাবিসাস) ও উন্নয়ন সংস্থা বরেন্দ্র প্রচারণা দল, সিএসআরএল এবং অক্সফামের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাবিসাস’র সভাপতি শাকির আহমাদের সভাপতিত্বে কর্মশালার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর তানভীর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী রাশেদ রিপন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বৈশ্বিক ইস্যু। বাংলাদেশ ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তনের শিকার। দেশের গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক কোনো দুর্যোগের গঠন কেন্দ্রীক রিপোর্টিং হয়। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা তেমন পরিলক্ষিত হয় না। এ বিষয়ে সাংবাদিকদের গুরুত্বের সঙ্গে কাজ করা উচিত। কর্মশালার দ্বিতীয় অধিবেশনে জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তা রিপোর্টিং বিষয়ে তাত্ত্বিক আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
