বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত ও ৫৬ জন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
সাতক্ষীরায় দুই শ্রমিকের মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বাজারে গতকাল শুক্রবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে বিল্লাল হোসেন (২২) ও শফিকুল ইসলাম (২৪) নামে দু’শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় কামরুল ইসলাম নামে একজন আহত হয়েছেন।
বিদ্যুত্ শ্র্রমিক শরিফুল ইসলাম, শামিম, মাসুদসহ অন্যরা জানান, ২১ জন শ্রমিক আলীপুর বাজারে খুঁটি পোতার কাজ করছিলেন। একটি খুঁটি তোলার সময় উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারের সংস্পর্শে লাগলে সকলেই বিদ্যুতায়িত হন। এর মধ্যে বিল্লাল হোসেন, শফিকুল ও কামরুল মারাত্মকভাবে আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক বিল্লাল হোসেন ও শফিকুল ইসলামকে মৃত বলে জানান।
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক
ঝিনাইদহের কালীগঞ্জের লাউতলায় গতকাল শুক্রবার সকালে যাত্রীবাহী বাস ও ভডভডির সংঘর্ষে নূর ইসলাম (৩০) নামে এক কলা ব্যবসায়ী মারা গেছেন। এ সময় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ভডভডির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মানিকছড়িতে বাস উল্টে নিহত এক
রাঙ্গামাটির মানিকছড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী পাহাড়ীকা বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। চট্টগ্রাম থেকে আসার পথে মানিকছড়ির বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রওফ স্মৃতিস্তম্ভ চত্বর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বৃদ্ধার মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া রেলগেটে ট্রেনে কাটা পড়ে হালিমা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজীবপুরে বৃদ্ধের আত্মহত্যা
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মদনের চরে গতকাল শুক্রবার ভোরে অভিমান করে বেলায়েত হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
গাজীপুরে অজ্ঞাত ব্যক্তি নিহত
গাজীপুর সদরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় গতকাল শুক্রবার ভোর রাতে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবক মারা গেছেন। নিহতের পরনে নীল রংয়ের জিন্সের প্যান্ট এবং বেগুনী রংয়ের গেঞ্জি পরা ছিল। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলতাফ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২০
ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুরটেক এলাকায় গতকাল শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২০ যাত্রী আহত হন। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সুমাইয়া, পারুল, সারমিন, রাতুল, নিমচান বিশ্বাস, সুমন-এর অবস্থা আশংকাজনক।
