ছাত্রলীগ কর্মীসহ ৩ স্থানে ৩ খুন

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:১৫
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। কাপাসিয়ায় ছাত্রলীগ কর্মী খুন গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গতকাল শুক্রবার সকালে হুমায়ুন (২৮) নামে ছাত্রলীগ কর্মী নিহত ও তার পিতা নূরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কান্দানিয়া গ্রামের নূরুল ইসলামের সাথে প্রতিবেশী আবদুল মালেক গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন নূরুল ইসলামের ছেলে হুমায়ুন পাশের আজাহারের খামার থেকে দুধ নিয়ে বাড়ি ফেরার পথে মালেকসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হুমায়ুনের চিত্কারে তার পিতা নূরুল ইসলাম বাড়ি থেকে বের হলে তাঁকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকায় পাঠানো হয়েছে। আহত নূরুল ইসলামের মাথায়, বুকে ও পিঠে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হুমায়ুন ওরফে গাল কাটা হুমায়ুন ছাত্রলীগের কর্মী ছিল। তার বিরুদ্ধে কাপাসিয়ায় যুবদল নেতা সাইফুল হত্যাসহ কাপাসিয়া ও কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। মেহেরপুরে চরমপন্থী কমান্ডারের গলা কাটা লাশ উদ্ধার মেহেরপুরের গাংনী এলাকা ত্রাস, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার আশরাফুল ইসলামের (৩৫) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার এলাকায় সাধারণ মানুষ আনন্দ, উল্লাস কেউ কেউ মিষ্টি বিতরণ করে। উল্লেখ্য গত বৃহস্পতিবার গাংনীর গোপালনগর ভোলারদাঁড় মাঠের একটি পরিত্যক্ত জমি থেকে তার লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের মজিবর রহমানের ছেলে আশরাফুল ইসলাম চরমপন্থি সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। সে এলাকায় চাঁদাবাজি, বোমাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। তার নামে গাংনী থানায় ৪/৫টি মামলা রয়েছে। চরমপন্থিদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ডোমারে পান ব্যবসায়ী খুন! নীলফামারীর ডোমার উপজেলার ফকিড়পাড়া গ্রামে গতকাল শুক্রবার সকালে গোলাম মোস্তফা (৬৫) নামে এক পান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ডোমার থানার ওসি কফিল উদ্দিন জানান, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লোহাগড়ায় শিশুকে গলা কেটে হত্যা নড়াইলের লোহাগড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রুবায়েত মুন্সী (৬) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে প্রতিবেশী। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, সালাউদ্দিন মুন্সীর শিশু পুত্র রুবায়েতকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে প্রতিবেশী চুন্নু মুন্সির বাড়িতে রুবায়েতের ব্যবহূত স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে চুন্নু মুন্সীর বাড়ির রান্না ঘরের ভেতরে পাট কাঠির নীচ থেকে রুবায়েতের লাশ উদ্ধার করা হয়। লোহাগড়া থানার ওসি সুভাষ বিশ্বাস জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চুন্নু মুন্সি তার পিতা আবু সালেহ মুন্সি ও মাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে।