বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ১৭ মামলার বিচারের জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে আদালত স্থানান্তর করে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল চাওয়া হয়েছে। গতকাল রবিবার খালেদা জিয়ার পক্ষে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ রিট দাখিল করেন। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত ১২ মে কারাগার স্থানান্তর করে জারিকৃত গেজেট প্রত্যাহার চেয়ে আইন সচিব বরাবর নোটিশ পাঠান কায়সার কামাল। নোটিশে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এটা প্রত্যাহার করা না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু নোটিশের জবাব না পেয়ে গতকাল এ রিট করা হয়।
