লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ২৩ মে। এবারের নির্বাচনে মোদি জোয়ারে ভেসে গেছে ভারতের বিরোধী দলগুলো। গতবারের চেয়ে বেশি আসন নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসছেন নরেন্দ্র মোদি। তার ক্যারিশমায় মুগ্ধ হয়ে নিজের ছেলের নাম নরেন্দ্র দামোদরদাস মোদি রেখেছেন উত্তরপ্রদেশের পারসাপুর এলাকার মহরাউর গ্রামের এক মুসলিম নারী। ওই গৃহবধূ সম্প্রতি এই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। লোকসভার নির্বাচনের ফল ঘোষণার দিনে তিনি ঠিক করেন তার সদ্যোজাত পুত্রের নাম রাখবেন প্রধানমন্ত্রী মোদির নামে।
ওই নারীর নাম মৈনাজ বেগম। ২৩ তারিখ ছেলের নাম ঠিক করার দিন মোদির নামই মাথায় আসে তার। আর সেই নামেই নিজের ছেলের নাম ঠিক করেন তিনি। আশপাশের সবাই তাকে মত বদলাতে বললেও, তিনি অনড় থাকেন বলে ভারতের একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন তার শ্বশুর। দুবাইতে কর্মরত তার স্বামী মুস্তাক আহমেদকে খবর দেওয়া হলে তিনিও চেষ্টা করেন স্ত্রীর মত বদলাতে। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছেকে মেনে নেন তিনি।
এরপরই ওই পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের উদ্দেশে লেখা একটি হলফনামা জমা দেওয়া হয়েছে পঞ্চায়েতের সহ-উন্নয়ন কর্মকর্তার কাছে। শুক্রবার ওই হলফনামা পেয়ে ওই কর্মকর্তা বলেন, আবেদনটি গ্রাম পঞ্চায়েতের সম্পাদকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনিই জন্ম ও মৃত্যু সনদ নথিভুক্ত করার বিষয়টি দেখেন। ওই হলফনামায় মৈনাজ বেগম মোদি এবং তার সরকারের উন্নয়ন যোজনার প্রশংসা করেছেন। বিশেষ করে দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে গ্যাসের সংযোগ ও শৌচাগার নির্মাণের আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পের প্রশংসা করেন তিনি। মোদি সরকারের দেশের জন্য যে খুব ভালো কাজ করেছেন সে কথাও জানাতে ভোলেননি তিনি।
নাম রাখার বিষয়টি নিয়ে মৈনাজের শ্বশুর ইদ্রিস বলেন, শিশুর নাম রাখার বিষয়টি পরিবারের ব্যক্তিগত ব্যাপার। তাই অন্যদের এতে নাক গলানো উচিত নয়। খবর:আনন্দবাজার পত্রিকার।
