পাঁচবিবিতে টর্নেডোতে একটি গ্রাম লণ্ডভণ্ড

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৩০
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁশপুর গ্রাম শুক্রবার ভোরে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। বেশকিছু ঘর-বাড়ির টিন উড়ে গেছে। অসংখ্য গাছপালা ভেঙ্গে যাওয়া ছাড়াও কলাক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে এলাকার বিদ্যুত্ সরবরাহ। এলাকাবাসী জানায়, ওইদিন ভোর ৫টার দিকে হঠাত্ করে প্রচণ্ডবেগে পশ্চিম দিক হতে ঝড় এসে সবকিছু তছনছ করে দেয়। মাত্র দেড় থেকে দুই মিনিটের প্রচণ্ড ঝড়ে কাঁশপুর আবাসনের দশটি বাড়িসহ অন্তত ২৫/৩০টি বাড়ির টিনের চালা উড়ে যায়। অনেক বাড়ির প্রাচীর পড়ে যায়। এ ছাড়া অন্তত তিন শতাধিক বড় বড় গাছ উপড়ে ও ভেঙ্গে যায় এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ফলমূলের বাগানের। ভোর থেকেই ওই এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে।