স্কাইপে রিয়েল-টাইম ট্রান্সলেটর

আপডেট : ৩১ মে ২০১৪, ১৯:৪১
মাইক্রোসফটের জনপ্রিয় ভিডিও কলিং সেবা স্কাইপে এবারে যুক্ত হতে যাচ্ছে রিয়েল-টাইম ল্যাংগুয়েজ ট্রান্সলেটর। এর মাধ্যমে স্কাইপ ব্যবহারে এক ভাষার টেক্সট অন্য ভাষায় তাত্ক্ষণিকভাবে অনুবাদ করা যাবে। উইন্ডোজ ৮ স্কাইপ সংস্করণে চলতি বছরের শেষের দিকেই ‘স্কাইপ ট্রান্সলেটর’ নামের এই সেবা সংযোজিত হবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। ভিন্ন ভিন্ন ভাষাভাষীরা যাতে একে অপরের সাথে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতেই এই সেবাটি যুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। অবশ্য অনুবাদের এই সেবাটির জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি মাইক্রোসফটের পক্ষ থেকে। বছর দুয়েক আগেই চীনে রিয়েল-টাইমে এক ভাষার তথ্য অন্য ভাষায় অনুবাদের প্রযুক্তির কথা জানিয়েছিল মাইক্রোসফট। মাইক্রোসফট এবং টরোন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই প্রযুক্তিকে বাস্তব ব্যবহারের উপযোগী করে তুলেছে বলেই জানিয়েছে মাইক্রোসফট। মানব মস্কিষ্কের অনুরূপ ডিপ নিউরাল নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলেই জানিয়েছে তারা।