বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
রামপালে প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের রামপালে গত শুক্রবার রাতে আব্দুল খালেক (৫০) নামে এক প্রতিবন্ধী এক ভিক্ষুককে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক ব্যক্তি। নিহত প্রতিবন্ধী ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, প্রতিবেশী মোকাম্মেল সেখের মাদকাসক্ত ছেলে জাহিদ সেখ প্রতিবন্ধী আব্দুল খালেকের বাড়িতে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হালোয়াঘাটে সাবেক মেম্বার খুন
ময়মনসিংহের হালোয়াঘাটে গতকাল শনিবার সকালে গভীর নলকূপ দখলকে কেন্দ্র করে সাইফুজ্জামান তোতা মিয়া (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য খুন ও নিহতের স্ত্রী রাশিদা আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ খসরু নামে একজনকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, মেম্বার সাইফুজ্জামান তোতা মিয়া ও শামসুল হক মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছে। ঘটনার দিন শামসুল হক মাস্টারের গ্রুপ জালাল গং এর নেতৃত্বে জোরপূর্বক দখলে নিতে চাইলে তোতা মিয়া তাকে বাঁধা দিলে দা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে তোতা মিয়া উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তোতা মিয়া খুন ও স্ত্রী রাশিদা (৪০) আহত হয়। পুলিশ জানায়, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফুলবাড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জের তেপুকুরিয়া এলাকায় গতকাল শনিবার সকালে ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা এবং মুখমণ্ডল অ্যাসিডে ঝলসানো অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফুলবাড়ি থানার ওসি আমিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
জগন্নাথপুরে গৃহকর্তি খুন
জগন্নাথপুর উপজেলার আটঘর গ্রাম থেকে গতকাল শনিবার সকালে সাহেদা বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাহেদা বেগমের পুত্র লায়েক খান জানান, প্রতিদিনের ন্যায় তার মাসহ পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দ্বিতল ভবনের নীচ তলার ভেন্টিলেটর ভেঙ্গে দুস্কৃতকারীরা সাহেদা বেগমের গলায় কাপড় পেঁচিয়ে হত্যার পর ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
