বকেয়া ৯ মাসের বেতনের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। শনিবার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। ফলে চিকিত্সাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ে ২০০৬ সালে স্বাস্থ্যসেবা হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পের অধীনে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতাল ও রানীশংকৈল স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১২৬ জন চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। কিন্তু ৯ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এরই প্রতিবাদে এবং বেতনের দাবিতে আজ শনিবার থেকে ৩ দিনের কর্মবিরতি শুরু করেছে তারা। নির্বাহী পরিচালক এ কে এম একরামুল হোসেন জানান, হাসপাতালের যাবতীয় আয় নিয়মানুযায়ী প্রকল্পের নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে পাঠিয়ে দিতে হয়। মাসিক চাহিদার ভিত্তিতে হাসপাতাল থেকে পরিচালনার খরচ ফেরত আসে। কিন্তু বছরখানেক ধরে মাসিক চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাকি পড়েছে।
