করিমগঞ্জে মুক্তিপণের বিনিময়ে স্কুলছাত্র উদ্ধার

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:২২
অপহরণের একদিন পর এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারী চক্রের কবল থেকে মুক্তি পেয়েছে স্কুলছাত্র শান্ত (৭)। সে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের হাতিমারা গ্রামের কুয়েত প্রবাসী নজরুল ইসলামের পুত্র এবং করিমগঞ্জ বিদ্যা নিকেতন কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র। শান্তকে গতকাল শনিবার সকাল দশটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজারে অপহরণকারীরা ছেড়ে দেয়। শান্তর মা চম্পা বেগম জানান, শান্তকে নিয়ে তিনি উপজেলা সদরের মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। শুক্রবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় দূর সম্পর্কের চাচা সাদির (২৪) শান্তকে বেড়ানোর কথা বলে এবং খাবারের লোভ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যায়। ঘন্টা দুয়েক পরে সাদির তার মোবাইল (০১৯১৫-৫০৮৭৩১) থেকে চম্পা বেগমকে ফোন করে জানায় যে, শান্তকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। একই দাবি মোবাইলে শান্তর প্রবাসী পিতা নজরুল ইসলামের নিকটও করা হয়। পরে টাকার জন্য চম্পা বেগমকে কয়েকবার তাগাদা দেয়া হয়। চম্পা বেগম জানান, শুক্রবার রাতে তার স্বামী প্রবাস থেকে সাদিরকে মোবাইলের মাধ্যমে এক লাখ টাকা পরিশোধ করেন। আজ সকালে সাদির ফোন করে চম্পাকে জানান যে, শান্তকে নীলগঞ্জ বাজারে রেখে আসা হয়েছে। এ খবর পুলিশকে জানালে শান্তকে আবারো অপহরণ করে খুন করা হবে বলে হুমকি দেয়া হয়।