রূপগঞ্জে আ’লীগ নেত্রীর বাড়িঘরে হামলা, ভাংচুর

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মাসুদা বেগমের বাড়িঘরে পুলিশ হামলা ও ভাংচুর চালিয়েছে। ৩০ মে শুক্রবার রাতে আসামি গ্রেফতারের নামে পুলিশ এ ভাংচুর চালায়। এসময় একটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়ে যায়। পুলিশের এসআই মফিজুর রহমান মল্লিক ও এএসআই মাজহারুল হকের প্রত্যাহার দাবিতে গতকাল শনিবার ঝাড়ু মিছিল বের করে মহিলা আওয়ামী লীগ। আওয়ামী মহিলা লীগ নেত্রী মাসুদা বেগম জানান, রূপগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা মানিক মিয়ার নির্দেশে রূপগঞ্জ থানার এসআই মফিজুর রহমান মল্লিক, এএসআই মাজহারুল হক বাড়িঘরে হামলা চালিয়েছে। ঘরের দরজা, জানালা, সোকেশ, আলমারী, টেলিভিশন, কম্পিউটারসহ প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র ভাংচুর করে। নয়ন মিয়াকে আটকের পর ৬ মাস আগের একটি হত্যা মামলায় জড়িয়ে আদালতে প্রেরণ করে। আওয়ামী লীগ নেতা মানিক মিয়ার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে একের পর এক হামলা, মামলা দিয়ে হয়রানি করছে বলে মহিলা নেত্রী জানান। একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাকির হোসেন, মনির হোসেনকে বাদী করে আমার পরিবারের সদস্যদের মামলায় জড়িয়েছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মানিক মিয়া জানান, আমার সাথে আওয়ামী মহিলা লীগ নেত্রী মাসুদা বেগমের কোনো বিরোধ নেই। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ধরনের সংবাদ পেয়েছি। ঘটনার সত্যতা পেলে পুলিশের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।