পাকিস্তানে আইএসআই কর্মকর্তা তালেবানের হাতে অপহূত

আপডেট : ৩১ মে ২০১৪, ২৩:০৩
পাকিস্তানে এবার তালেবান জঙ্গিদের হাতে অপহূত হলেন আইএসআই কর্মকর্তা। লাহোর প্রতিরক্ষা এলাকা থেকে গতকাল শনিবার তাকে অপহরণ করে তালেবান। ওই আইএসআই কর্মকর্তার নাম জামান। তার পিতা গুল শেরওয়ান গতকাল গণমাধ্যমকে বলেন, লাহোর থেকে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। জঙ্গিরা তাদের কাছে ২০ কোটি রুপি মুক্তিপণ হিসেবে দাবি করেছে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে তারা। পুলিশ এ ব্যাপারে মামলা দায়ের করেছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইএসআই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। খবর জি নিউজের। এদিকে, ক্ষমতাসীন দল পিএমএল-এন এর একজন এমপিকেও অপহরণ করে বন্দি করেছে তালেবান। গতকাল পাঞ্জাব থেকে তাকে অপহরণ করা হয়। রানা জামিল নামের ওই এমপি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানী ইসলামাবাদ যাচ্ছিলেন। কিন্তু তালেবান জঙ্গিরা বন্দুকের মুখে স্বামী-স্ত্রীকে ধরে নিয়ে যায়। পরে তারা জামিলের স্ত্রীকে ছেড়ে দেয়। ছেড়ে দেয়ার সময় তাকে বলে দেয়া হয়, দুই দিনের মধ্যে ৫ কোটি রুপি না দিলে মৃতদেহ বাড়ি পাঠিয়ে দেয়া হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইজিপিকে নির্দেশ দিয়েছেন তাকে দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য।