কুমিল্লা মহানগরীর গুরুত্বপূর্ণ রানীর বাজার-ধর্মপুর সড়কটির বেহাল অবস্থায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এ সড়কটি নগরবাসীর দুঃখ হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে পশ্চিমাঞ্চলের জনগণের চলাচলের অন্যতম এ সড়কটি দীর্ঘদিন যাবত্ চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রী শাখা, উচ্চ মাধ্যমিক শাখা, কুমিল্লা মডার্ন হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, ফরিদা বিদ্যায়তন, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ল-কলেজ, বঙ্গবন্ধু ল-কলেজ, কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট, রানীর বাজার মাদ্রাসা, রেলওয়ে হাই স্কুলসহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে থাকে।
এ সড়কের পাশেই রয়েছে নগরীর প্রাচীনতম রানীর বাজার, যা বিশেষ করে সদর উপজেলা ও নগরীর পশ্চিমাঞ্চলের জনগণের অন্যতম বাজার হিসেবে পরিচিত। এছাড়া এ সড়কের পাশে রয়েছে কর ভবন, বিসিক শিল্প এলাকা, জেলা খাদ্য অফিস, জেলার বৃহত্তম খাদ্যগুদাম, এনএসআই অফিস, জেলা সমবায় অফিসসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল-ক্লিনিক, বিভিন্ন ব্যাংক ও বীমা কোম্পানির শাখাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
গতকাল শনিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ জানান, এ সড়কটি মহানগর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী জুলাই মাসে এর সংস্কার কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে।
