নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামে গত শনিবার গভীর রাতে বিয়ে বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময়ে ডাকাতের গুলিতে ও কুপিয়ে নয়জনকে আহত করেছে। আহতরা হলেন, গুলিবিদ্ধ সবুজ হাওলাদার, তার ভাই হানিফ হওলাদার, জাকির হাওলাদার, ভগ্নিপতি আক্কাচ মোল্লা, তার ছেলে নিজাম মোল্লা, হাচান মোল্লা, তাদের চাচা জলিল মোল্লা, এবং জেনারেটর আপারেটর শাহিন। আহত আটজনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মালেক ডিলারের ছেলে সবুজের বিয়ে উপলক্ষে রাতে রান্নার কাজ চলছিল। রাত ২টায় ১৫-২০ ডাকাত এলোপাতাড়ি গুলি করে এবং কুপিয়ে ৯ জনকে আহত করে নগদ ৮০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। নলছিটি থানার ওসি আবুল খায়ের জানান, ডাকাতির ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
