টঙ্গীতে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:২২
টঙ্গীতে গত শনিবার রাতে হাবিবুর রহমান জাহাঙ্গীর (৪০) নামে এক পরিবহন ব্যবসায়ী ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন। তিনি পরিবহন ব্যবসার পাশাপাশি বনানীতে কাঁচা তরকারির ব্যবসা করতেন। পুলিশ ও নিহতের ছোটভাই আলমগীর জানান, হাবিবুর রহমান তার বনানীর দোকানে বেচাকেনা শেষ করে বাসায় ফেরার পথে বিসিক পানি ট্যাংকির কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে তার সর্বস্ব কেড়ে নিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বিষয়টি ছিনতাইয়ের না পূর্বশত্রুতার জেরে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।