সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:২২
ঠাকুরগাঁওয়ে বাজেটে প্রতিবন্ধীর ভাতা বাড়ানোর দাবি ঠাকুরগাঁও প্রতিনিধি \ সকল গরীব বয়স্ক বিধবা প্রতিবন্ধীদের মাসিক ৩ হাজার টাকা ভাতাসহ ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা বাসদ। গতকাল রবিবার বেলা ১২টায় শহরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে প্রতিবন্ধীরা। এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়কারী মাহাবুব হোসেন রুবেল, প্রতিবন্ধী শাহজাহান, পরিতোষ প্রমুখ। বক্তারা, জাতীয় উন্নয়ন বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ৩ হাজার টাকা, কৃষিখাতে ৪০% বরাদ্দ, সরকার কৃষকের উত্পাদন সরাসরি ক্রয় করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের বরাবরে ১২ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেন। হোসেনপুরে সরকারি কর্মচারীদের কর্মবিরতি হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলার কর্মরত ইউএনও ও ভূমি অফিসের সহকারীগণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ব্বরে ১ ঘণ্টা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) উদ্যোগে পদবী ও বেতন স্কেল পরিবর্তনের দাবিতে ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির ডাক দেয়। সমাবেশে বক্তব্য রাখেন কর্মচারী সমিতির নেতা মো:জসিম উদ্দিন, মাসুদ আলম, এসএম দিদার, আকলিমা আক্তার প্রমুখ। ভেড়ামারায় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সভা ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ গতকাল রবিবার সকাল ১১টায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। বক্তব্য রাখেন ভেড়ামারা কলেজেরর উপাধ্যক্ষ আজিজুল হক, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, আদর্শ কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম স্বপন, ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জব্বার, ভেড়ামারা কলেজের প্রভাষক আয়ুব হোসেন। রায়গঞ্জে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রদান অনুষ্ঠান ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে গতকাল রবিবার অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনও মো: ফিরোজ শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, ইউনিভার্স একাডেমির অধ্যক্ষ মো: শাহীন, অভিভাবক জিন্নাতুল আলম সম্রাট, এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সমন্বয়কারী টিএম কামরুজ্জামান লাবু। কিশোরগঞ্জে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি পালন কিশোরগঞ্জ প্রতিনিধি \ প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ সংক্রান্ত দাবি বাস্তবায়নের দাবিতে কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বানে গতকাল রবিবার কর্মচারীরা এক ঘণ্টা কর্মবিরতি পালন ও জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। পরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. ইব্রাহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল মনসুর খান, আ. রব খান, আ. রশিদ. জিয়াউর রহমান, বিলকিছ বেগম প্রমুখ। খালিয়াজুরীতে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা\ গতকাল রবিবার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সমাজসেবা বিভাগের উদ্যোগে আত্মসামাজিক কার্যক্রম উন্নয়নে ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:বদরুল হাসান লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার শোয়েব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো:আমিনুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, কে, এম, আনোয়ারুল হক প্রমুখ। কালিয়াকৈরে ২ দিনের ডিজিটাল মেলা শুরু কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা গতকাল রবিবার সকাল থেকে শুরু হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক মো: নূরুল ইসলাম মেলার উদ্বোধন করেন। আগামী সোমবার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলা শেষ হবে বলে জানা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক মো: নূরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন, ভাইস চেয়ারম্যান মো: হারুন অর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার প্রমুখ। ফুলবাড়িতে কমিউনিটি পুলিশিং কমিটির সভা ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে গতকাল রবিবার কমিউনিটি পুলিশিং কমিটির সভা উপজেলার বেতদীঘি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে ফুলবাড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুশান্ত সরকা, থানার অফিসার ইনচার্জ-ওসি রবিউল ইসলাম খান, অফিসার ইনচার্জ-ওসি (তদন্ত) এসকে গোলাম মোস্তফা ও প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মন্ডল। মুক্তাগাছায় ঢাকা বিভাগীয় স্কাউটের আলোচনা সভা মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছাস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগীয় স্কাউটের বিগত ও আগত অর্থবছরের বাস্তবায়িত ও অবাস্তবায়িত কর্মকাণ্ড এবং কর্মসূচি প্রণয়ন বিষয়ক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটের কমিশনার (প্রশিক্ষণ) মেজবাউদ্দিন ভুঁইয়া। স্কাউটের নির্বাহী সচিব (পরিচালক) মো:মজিবুর রহমান মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-কমিশনার সংগঠন মো:রাজু মিয়া, ঢাকা অঞ্চলের সম্পাদক রফিকুল ইসলাম, আঞ্চলিক উপ-কমিশনার মিজানুর রহমানসহ ঢাকা বিভাগের ১৮টি জেলার কমিশনার, সম্পাদক, জেলা স্কাউট লিডার, জেলা ক্লাব লিডার ও লিডার ট্রেনারগণ । মতলবে আল আমিন ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাবার্ষিকী মতলব দক্ষিণ ( চাঁদপুর) সংবাদদাতা \ মতলবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল আমিন ক্রীড়াচক্রের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার র্যালি বের করা হয় । পরে মেলা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। বক্তব্য রাখেন মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, মতলব প্রেসক্লাবের সভাপতি মু. জাকির হোসেন, প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদল,সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম প্রমুখ। হবিগঞ্জে ইসলামী আন্দোলনের জেলা কমিটি গঠন হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি আলহাজ্ব মহিবউদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকউদ্দিন তালুকদার, আব্দুল কাইয়ুম, মাওলানা লুত্ফুর রহমান চৌধুরী আজাদ, হাফেজ মাওলানা মামুনুর রশীদ প্রমুখ। পরে আলহাজ্ব মহিবউদ্দিন আহমেদকে সভাপতি সামছুল হুদাকে সাধারণ সম্পাদক নিযুক্ত করে সংগঠনের ২০১৪-১৬ সালের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নেত্রকোনায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে ২০১৪ সালের এস এস সি ও সমমানের পরীক্ষায় পৌর এলাকার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৩৮৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পৌর মেয়র প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে গত শনিবার সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, প্রবীণ চিকিত্সক ডাঃ এম এ হামিদ খান, বেগম রোকেয়া, প্যানেল মেয়র হেলাল উদ্দিন শেখ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ৪ দফা দাবিতে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে গতকাল রবিবার যোগাযোগমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক ডা. মুহাম্মদ মোশাররফ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেছে। পরে স্থানীয় সড়ক ভবন প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তৃতা করেন আব্দুল হাই, মোঃ আলমগীর, নুরুল ইসলাম, মাসলেহউদ্দিন, আমির হোসেন ভুইয়া, মহসেনুর আজম প্রমুখ। শ্যামনগরে আ’লীগের বিক্ষোভ মিছিল শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় শ্যামনগর উপজেলা আ’লীগ বিক্ষোভ মিছিল করেছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামানের নেতৃত্বে আ’লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এক পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিছ, জেলা আ’লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক জাফরুল আলম বাবু, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. জহুরুল হায়দার বাবুসহ যুবলীগ, ছাত্রলীগ, তরুণলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডোমারে মেধা বিকাশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় সৃজনশীল মেধা বিকাশ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে নীলফামারী-১ (ডো্মার-ডিমলা) আসনের সংসদ সদস্য আবতাফউদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহানা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, থানা অফিসার্স ইনচার্জ কফিলউদ্দিন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন ছাত্রছাত্রী সৃজনশীল মেধা বিকাশে বিজয়ী হওয়ায় তাদেরকে সনদপত্র ও এক হাজার টাকার প্রাইজবণ্ড বিতরণ করা হয়। আদালতের নির্দেশ উপেক্ষা করে শার্শায় বিদ্যুত্ সংযোগ বেনাপোল (যশোর) সংবাদদাতা \ আদালতের নির্দেশ উপেক্ষা করে শার্শায় বিদ্যুত্ সংযোগ দিয়েছেন যশোর পল্লী বিদ্যুত্ সমিতি কর্তৃপক্ষ। শার্শার আমতলা গাতিপাড়া গ্রামের এক্সের আলীর পুত্র আঃ সামাদ নিজের জমির উপর দিয়ে বিদ্যুত্ এর লাইন নির্মাণ ও রাইস মিলে সংযোগ না দেয়ার জন্য যশোর পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আঃ মান্নান ও সোনা নদীয়া গ্রামের সাবদার আলীর পুত্র উজ্জল ও কাজলের নামে একটি পিটিশন মামলা দায়ের করে আদালত এ পিটিশন মামলায় ১৪৪ ধারা আইন জারি করেন। মামলা হওয়ার ১০ দিন পর আদালতের ১৪৪ ধারা আইন উপেক্ষা করে জেনারেল ম্যানেজার প্রকৌশলী আঃ মান্নান এর নির্দেশে উজ্জল ও কাজলের নামের রাইস মিলে বিদ্যুত্ সংযোগ দেন । রাজবাড়ীতে অর্পিত সম্পত্তি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ীতে সংখ্যালঘুদের অর্পিত সম্পত্তি পুনরুদ্ধারের দাবিতে রবিবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলার সর্বস্তরের মানুষের ব্যানারে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন, আলমগীর সেখ তিতু, অজিত কুমার সাহা, রাশেদুল হক অমি, ইলিয়াস চৌধুরী রাব্বি, জাকারিয়া মাসুদ রাজিব, আশরাফুল আলম আক্কাস, মোস্তফা কামাল, আব্দুল্লাহ আল মামুন আরজু প্রমুখ। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা কালেক্টরেট চত্বরে সমবেত হয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। ফুলবাড়িয়ায় নির্যাতিত আদিবাসীদের পাশে সুলতানা কামাল ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ নবাবগঞ্জের খালিপপুর শ্রীরামপুর আদিবাসীপাড়ায় গত শনিবার নির্যাতিত আদিবাসীদের কাছে নির্যাতনের বর্ণনা শুনলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। দুর্বৃত্তদের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হতে বসা নির্যাতিত চার আদিবাসী মঙ্গল সরেনের ছেলে বাবলু সরেন (২৫), সরদার সরেনের ছেলে সোম সরেন (৪৩), মৃত বারকা সরেনের ছেলে বাবুলাল সরেন (৪৮) ও মৃত চরণ টুডুর ছেলে সোনা রাম টুডু (২৭) চলাফেরা করতে না পারায় তাদের বাড়িতে গিয়ে তাদের ওপর বর্বরোচিত নির্যাতনের বর্ণনা শোনেন তিনি। গত ৯ মে সন্ত্রাসীদের হামলায় ঐ ৪ আদিবাসী পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছেন। কুমিল্লায় ডাকাতি মালামাল লুট আহত ৪ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার চৌদ্দগ্রামে একই বাড়ির দুই পরিবারে শনিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের হামলায় স্বামী-স্ত্রীসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল উপজেলার বাতিশা ইউনিয়নের দৈয়ারা গ্রামের মো. শহিদ উল্লাহর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এসময় ঘরের লোকজন চিত্কার শুরু করলে ডাকাতরা গৃহকর্তা শহিদ উল্লাহ ও তার স্ত্রী পেয়ারা বেগমের ওপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এসময় ডাকাতরা শহিদ উল্লাহকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ডাকাতরা শহিদ উল্লাহর ভাই মীর হোসেনের ঘরে প্রবেশ করে ২ জনকে মারধর করে আহত করে। সশস্ত্র ডাকাতদল শহিদ উল্লাহ ও মীর হোসেনের ঘর থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, ২টি টেলিভিশন, ৭টি মোবাইল সেটসহ প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। শহিদ উল্লাহর অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী ডাকাতির ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।