আসন্ন ব্রাজিল বিশ্বকপে খেলতে পারবেন না মেক্সিকোর লুইস মনটেস। শনিবার ই্কুয়েডরের বিপক্ষে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে আঘাত পেয়ে তার পায়ে চিড় ধরেছে। যদিও ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে মেক্সিকো।
একটি বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে প্রতিপক্ষ ইকুয়েডরের খেলোয়াড় সেগুন্দো ক্যাসিলোর সঙ্গে সংঘর্ষে তার পায়ে চিড় ধরে। এর দুই মিনিট আগেই গোল করে দলকে এগিয়ে দেন মনটেস।
ব্যথায় কাতর মনটেসকে তাত্ক্ষণিকভাবে স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নেয়া হয়। মেক্সিকান ফুটবল ফেডারেশনের মুখপাত্র ইসরায়েল মারকুয়েজ টুইটারের মাধ্যমে জানিয়েছে, ‘ওই ঘটনায় তার জঙ্ঘাস্থি ও অনুজঙ্ঘাস্থিতে চিড় ধরেছে বলে মনে হচ্ছে।’ এর ফলে বিশ্বকাপের প্রস্তুতিতে মেক্সিকোর বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আগামী মঙ্গলবার শিকাগোতে বসনিয়া হার্জেগোবিনার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। শুক্রবার আরেকটি প্রস্তুতি ম্যাচে পর্তুগালের মোকাবেলা করবে ল্যাতিন আমেরিকার দলটি।
মেক্সিকোর বার্সেলোনা তারকা সানচেজের পর মনটেসকে ধারণা করা হচ্ছিল- দলের অন্যতম সেরা তারকা হিসাবে যিনি বিশ্বকাপে দলের হয়ে বড় অবদান রাখতে পারেন। -বাসস।
