যথাযোগ্য মর্যাদায় গতকাল রবিবার পালিত হলো নির্ভীক সাংবাদিকতা জগতের পথিকৃত্ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দিনভর আলোচনা সভা, মাজারে কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তারা বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া বাঙালি জাতীয়তাবাদ, উদার গণতন্ত্র ও স্বাধীন সংবাদপত্রের অন্যতম প্রবক্তা। তিনি সংবাদপত্রের মাধ্যমে যেমন জনমানুষকে উদ্বুদ্ধ করেছেন, রাজনীতি সচেতন করেছেন, তেমনি সাংবাদিক হিসাবে রাজনীতির গতিপথ নির্দেশ করেছেন। তাঁর লেখনী স্বাধিকার আন্দোলনে জাতিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
গতকাল সকাল থেকেই মরহুমের মাজারে কোরআনখানির আয়োজন করা হয়। এসময় বিভিন্ন মরহুমের পরিবার ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সেইসঙ্গে মরহুমের সন্তানদের বাসভবনে আলাদা আলাদা কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
মাজারে কোরানখানি
ও দোয়া মাহফিল
আজিমপুরে মানিক মিয়ার মাজার প্রাঙ্গণে সকাল থেকে কোরানখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত মিলাদ ও মোনাজাতে অংশ নেন মরহুমের কনিষ্ঠ পুত্র বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারি স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ, জাতীয় পার্টি- জেপির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মোনাজাতশেষে উপস্থিত ব্যক্তি ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ
সকাল থেকেই মরহুমের আজিমপুর কবরস্থানের মাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক করা হয়। জাতীয় পার্টি-জেপির নেতৃবৃন্দ সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে মরহুমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। এসময় জেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল ইসলাম চন্দন, যুগ্ম মহাসচিব এমএ কাইয়ূম, যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিল, দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপন, তথ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, যুব সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এ্যাড. এনামুল ইসলাম রুবেল, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, শরীফ শফিকুল হামিদ চন্দন প্রমুখ।
দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারি স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর সিটি এডিটর ও স্টিয়ারিং কমিটির সাবেক সভাপতি আবুল খায়ের। বর্তমান নেতৃবৃন্দের মধ্যে কমিটির সভাপতি আলমগীর হোসেন খান, ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ খোন্দকার গোলাম জিলানী, স্টিয়ারিং কমিটির যুগ্ম সম্পাদক ও কর্মচারি ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান এবং স্টিয়ারিং কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাম সরওয়ার আজাদ, স্টিয়ারিং কমিটির সদস্য মো. আল মামুন, দীপক চন্দ্র একাডেমীর পক্ষে পরিচালক দেলওয়ার হাসান, আনোয়ার হোসেন মিন্টু, আনিসুর রহমান আনিস, মনির হোসেন, মুকিত খান জুয়েল, মো. শাহাদাত হোসেন প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থার নেতৃবৃন্দ মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
কাজলার পাড় ইত্তেফাক
ভবনে মিলাদ মাহফিল
মানিক মিয়ার মৃত্যুবার্ষিকীতে গতকাল বাদ জোহর রাজধানীর কাজলার পাড় ইত্তেফাক ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকাল থেকে কোরআনখানি হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত মিলাদ ও মোনাজাতে অংশ নেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুন, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন, সিনিয়র সহকারী সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।
মরহুমের সন্তানদের
বাসভবনে অনুষ্ঠান
মরহুমের মানিক মিয়ার স্মরণে গতকাল তাঁর জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মইনুল হোসেন এতিমখানায় কাঙালি ভোজের আয়োজন করেন। তাঁর কনিষ্ঠ পুত্র বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেনের ধানমন্ডির বাসভবনেও আয়োজন করা হয়েছিল কোরআনখানি ও এতিমখানায় তবারক বিতরণের। মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার (বেবী)র বাসভবনে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
