শবে বরাতের ৪ পদ

আপডেট : ০২ জুন ২০১৪, ১৮:১০
পবিত্র শবে বরাতের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাঝে সৌহার্দ্যের নমুনা স্বরূপ পড়শি ও অতিথি আপ্যায়ন করা হয় নানারকম মুখরোচক খাবারের মাধ্যমে। পবিত্র এই দিনটিতে ৪ পদের রেসিপি নিয়ে এবারের আয়োজন শালমার রুটি যা যা লাগবে: আটা- ১ কেজি, লবণ- স্বাদ অনুযায়ী, ইস্ট- ১ টেবিল চামচ, বেকিং পাউডার- ২ চা চামচ, ডিম- ২টি, গুঁড়ো দুধ- আধা কাপ, টক দই ১ কাপ, চিনি- স্বাদ অনুযায়ী। অল্প সয়াবিন তেল বা ঘি। যেভাবে তৈরি করতে হবে: আটায় একে একে লবণ, চিনি, বেকিং পাউডার, ইস্ট, ডিম, গুঁড়ো দুধ এবং টক দৈ দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করতে হবে, যেন বেশি নরম না হয়। প্রয়োজন হলে পানি দেয়া যেতে পারে। ডো’র উপরে অল্প ঘি বা তেল মাখিয়ে পাতলা কাপড় বা ছাকনি দিয়ে ঢেকে চুলোর পাশে গরম জায়গায় রেখে দিতে হবে প্রায় ৪-৫ ঘণ্টা। এখন উক্ত ডো হতে বড় বড় গোলা দিয়ে রুটির মতো করে বেলে চুলোয় ফ্রাইংপেনে সেঁকে গরম গরম পরিবেশন করুন হালুয়া বা ঝাল মাংসের সাথে। নারিকেলের মিষ্টি বা বরফি যা যা লাগবে: কুরানো নারিকেল ২টি বেটে নিতে হবে। গুঁড়ো দুধ- ২০০ গ্রাম, এলাচ গুঁড়ো- ১ চা চামচ, চিনা বাদামের গুঁড়ো- ২টি, চিনি- দেড় কেজি, ঘি- ২৫০ গ্রাম। যেভাবে তৈরি করতে হবে: প্রথমে একটি পাতিলে ঘি গরম করে তাতে এলাচের গুঁড়ো, নারিকেল বাটা, চিনি, দেড় কাপ বাদামের গুঁড়ো এবং গুঁড়ো দুধ দিয়ে একসাথে মিশ্রিত করে মাঝারি আঁচে নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন মিশ্রণটা আঠালো হবে তখনই সেটি একটি ট্রেতে ঘি লাগিয়ে ঢেলে সাথে সাথে হাত দিয়ে সমান করে উপরে বাদামের কুঁচি ও কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে চারকোণা করে কেটে নিজের পছন্দ অনুযায়ী ডিশে রেখে পরিবেশন করুন। মুরগির ঝাল ঝোল যা যা লাগবে: মুরগি- ৫০০ গ্রাম, পিয়াজ- মোটা করে কাটা ১০০ গ্রাম, আদা ও রসুন বাটা- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো- ১০০ গ্রাম, জিরা গুঁড়ো- ১০ গ্রাম, মরিচের গুঁড়ো ১০০ গ্রাম, জয়ত্রী গুঁড়ো- ৬ গ্রাম, গরম মশলা গুঁড়ো- ৬ গ্রাম, তেল পরিমাণমতো এবং টমেটো কুচি ১০০ গ্রাম। ধনেপাতা কুঁচি ও কাঁচামরিচ আস্ত ৮-১০টি। যেভাবে তৈরি করতে হবে:একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পিয়াজ টুকরো দিয়ে হালকা ভেজে, তাতে একে একে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে তাতে টুকরো করা মুরগি দিয়ে আবার কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তাতে কুচি করা ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে চুলোয় রেখে কিছুক্ষণ পর তা একটি সার্ভিং ডিশে ঢেলে নিজের ইচ্ছামতো করে সাজিয়ে পরিবেশন করুন। বিফ পাক যা যা লাগবে: ময়দা- ৩০০ গ্রাম, সয়াবিন তেল ভাজার জন্য, বিফ কিমা- ২০০ গ্রাম, পিঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা- ২ চামচ, লবণ- স্বাদ অনুযায়ী, গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ। যেভাবে তৈরি করতে হবে: প্রথমে ময়দা লবণ ও সয়াবিন তৈল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবং সেটি একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে প্রায় ২ ঘণ্টা রেখে দিতে হবে। এখন একটি কড়াইয়ে অল্প তেল গরম করে তাতে বিফ কিমা, স্বাদ অনুযায়ী লবণ, আদা-রসুন বাটা ও গরম মশলা গুঁড়ো এবং পরিমাণমতো পানি দিয়ে রান্না করে নিয়ে চুলোয় রেখে তাতে পিয়াজ কুচি, ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ কুচি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে মাখা মাখা করে তা নামিয়ে ঠাণ্ডা করে তারপর তৈরি করতে হবে। এখন ময়দার ছোট ছোট লেচি করে লুচির মতো করে বেলে ফেলতে হবে। একটির মধ্যে পুর দিয়ে আরেকটি লুচি উপরে দিয়ে চারদিকে মুড়ে নিয়ে ডুবন্ত গরম গরম তেলে ভেজে ফেলতে হবে।