খাদ্যে ভেজালকারীরা সবচেয়ে বড় সন্ত্রাসী: মোহাম্মদ নাসিম

আপডেট : ২৭ মে ২০১৯, ১৬:৪৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, 'খাদ্যে ভেজালকারীরা সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।' সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত 'নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভেজাল ও মাদকবিরোধী আন্দোলন এ সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, 'ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে খাদ্যে ভেজাল দেয়ার মাধ্যমে অগনিত মানুষকে হত্যা করছে। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য এই সকল ঘাতকদের বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তুলতে হবে।'

তিনি আরও বলেন, 'জনবিরোধী আন্দোলন না করে, খাদ্যে ভেজাল ও মাদক নির্মূলে আন্দোলন করুন। আমরা আপনাদের ধণ্যবাদ জানাবো। আপনাদের সহযোগীতা করবো। খাদ্যের মতো রাজনীতিতেও ভেজাল ঢুকে পড়েছে। এসব ভেজালমুক্ত করতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় তাই এখানেও কিছু ভেজাল প্রবেশ করেছে। আগামীতে সারাদেশের জেলা উপজেলায় যে সম্মেলন হবে, সেই সম্মেলনে আওয়ামী লীগকে ভেজাল মুক্ত করা হবে।'

আরও পড়ুন:  রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু

সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ড. আ ব ম ফারুক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/জেডএইচডি