অ্যাপলের ডেভেলপারস কনফারেন্সের চমক

আপডেট : ০৩ জুন ২০১৪, ১৯:১১
প্রতিবছরের মাঝামাঝি সময়টা এলেই প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি নিবদ্ধ হয় একটি ইভেন্টের দিকে। আর সেটা হলো অ্যাপলের বাত্সরিক ডেভেলপারস কনফারেন্স। এই কনফারেন্সের মাধ্যমেই অ্যাপল প্রতিবছর তাদের নিত্যনতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকে বিশ্ববাসীকে। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। গত ২ জুন থেকে সান ফ্রান্সিসকোতে শুরু হওয়া তিন দিনের এই ডেভেলপারস কনফারেন্সে অ্যাপল সিইও টিম কুক ঘোষণা দেন অ্যাপলের নতুন নতুন পণ্য ও সেবার। এবারের এই আয়োজনে অ্যাপল পণ্যের হার্ডওয়্যারের সারিতে নতুন কিছু যুক্ত করার ঘোষণা না থাকলেও সফটওয়্যার এবং সেবার ক্ষেত্রে বেশকিছু বৈচিত্র্য নিয়ে এসেছে অ্যাপল। তবে এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএসের নতুন সংস্করণ আইওএস ৮। আইফোন, আইপ্যাড এবং আইপড টাচের জন্য তৈরি এই অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটি আগের সংস্করণের তুলনায় আরও বেশি দ্রুতগতিতে কাজ করবে। এ ছাড়া এর সাথে যুক্ত হয়েছে বেশকিছু নতুন অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ব্যবহারকারী সম্পূর্ণ নতুন ধরনের অভিজ্ঞতা লাভ করবে বলে জানান অ্যাপল প্রতিনিধিবৃন্দ। নতুন এসব অ্যাপ্লিকেশনের মধ্যে শুরুতেই আসবে ‘হেলথ কিটে’র কথা। এই হেলথ কিট থার্ড-পার্টি বিভিন্ন ডিভাইসের সাথে যুক্ত হয়ে শারীরবৃত্তীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং আইফোন, আইপ্যাড বা আইপড টাচের মাধ্যমে এই তথ্যগুলো সংরক্ষণ ও বিশ্লেষণ করা যাবে। আইওএস ৮-এ বিল্ট-ইন হিসেবে থাকবে এই অ্যাপসটি। আইওএসের পাশাপাশি ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের ঘোষণাও এসেছে এই কনফারেন্সে। ‘ইয়োসেমিট’ কোডনামের ওএসএক্স ১০.১০ সংস্করণটি অ্যাপল ডিভাইসগুলোর সাথে আরও বেশি সংযুক্ত হয়ে কাজ করবে। এই কনফারেন্স থেকে এটি স্পষ্ট যে সার্চ ইঞ্জিন হিসেবে অ্যাপল গুগলের তুলনায় মাইক্রোসফটের বিংকে বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে অ্যাপলের আইম্যাসেজ অ্যাপ্লিকেশনে যুক্ত করা হয়েছে বাড়তি সুবিধা, যা মূলত হোয়াটসঅ্যাপের বৈশিষ্ট্যগুলো ধারণ করবে। অ্যাপলের ক্লাউড স্টোরেজ সেবা আইক্লাউডকেও উন্নত করা হয়েছে। ফলে ড্রপবক্স বা অন্যান্য ক্লাউড সেবার দিকে আর ঝুঁকে থাকতে হবে না অ্যাপল পণ্য ব্যবহারকারীদের। এ ছাড়া অটোমেটেড হোম সিস্টেম এবং ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি নিয়েও কাজ করছে বলে জানিয়েছেন অ্যাপল প্রতিনিধিরা।