মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি পক্ষের হামলায় বাদী পক্ষের ৩ জনসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিঠু ও নাসিরকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭২ জনকে আটক করেছে। এদের মধ্যে ২৬ জন সামসুদ্দিন প্রধান হত্যা মামলা এবং নির্বাচনী সহিংসতার অপর একটি মামলার আসামি থাকায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠায়। বাকি ৪৬ জন মুন্সীগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।
এসব তথ্য দিয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো জাকির হোসেন মজুমদার জানান, সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর তাদের আদালতে হাজির করা হবে। এ ঘটনার পর আদালতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। তিনি আরও জানান, আসামি পক্ষে মামলা দুটির আসামি ছাড়াও অনেক লোক ছিল। অন্যদিকে বাদী পক্ষে অল্প কয়েকজন লোক ছিল।
পিপি এডভোকেট আব্দুল মতিন জানান, আকস্মিক আসামি পক্ষের লোকজন বাদী পক্ষের লোকজনের উপর হামলা চালায়। এতে আদালতে উপস্থিত বিচার প্রার্থী সাধারণ মানুষ ও আইজীবীরা বিপাকে পড়ে যায়।
কোর্ট ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার গজারিয়ার নির্বাচনী সহিংসতায় নিহত বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন প্রধান হত্যা মামলা ও নির্বাচনী সহিংসতার অপর একটি মামলার ধার্য তারিখ ছিল। সকালে জজ কোর্ট ভবনের দক্ষিণ গেটের সামনে আকস্মিক বাদী পক্ষের লোকজনকে মারতে থাকে আসামি পক্ষের লোকজন। এ সময় বাদি পক্ষের লোকজন ছাড়াও ভেন্ডার জাহাঙ্গীরসহ সাধারণ লোকজন আহত হন।
এদিকে শামসুদ্দিন প্রধান হত্যাকাণ্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বালুয়াকান্দি ইউনিয়নবাসী এ মানববন্ধন করে।
