তর সইছে না স্কলারির!

আপডেট : ০৩ জুন ২০১৪, ২২:১১
বিশ্বকাপ শুরুর মাত্র সপ্তাহখানেক আগে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি জানালেন, ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র জন্য আর তর সইছে না তার। বাড়তি কিছু সময় দলকে আরো গুছিয়ে আনতে সাহায্য করতো বলে স্বীকার করলেও বিশ্বকাপের আগে শেষ সময়ের এই অনুশীলন বিশ্বকাপে দলের পারফরম্যান্সে খুব বেশি প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচের অনুশীলনে নেইমার-হাল্কদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ব্রাজিল কোচ মাঠের পারফরম্যান্সে জন্য আরো বেশি মনোযোগী হবার পরামর্শ দিয়েছেন শিষ্যদের। স্কলারি বলেন, ‘আরেকটি সপ্তাহ হাতে পেলে সেটা (দল গোছানোর) ভালই হতো। তবে একই সাথে মনের গভীর থেকে আমি বুঝতে পারছি, আমার দল আসলে ঠিকভাবেই প্রস্তুত হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটা এখনই শুরু হয়ে গেলেই যেনো ভাল হতো। এখন সময় যাত্রা শুরু করার।’ এমন ভাবনার পেছনের কারণটাও ব্যাখ্যা করেছেন ‘বিগ ফিল’। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে বিশাল মানসিক চাপ বইতে হলেও, টুর্নামেন্ট একবার শুরু হয়ে গেলে সেটা অনেকটাই কমে আসে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, ‘আসলে আর অপেক্ষা করাটা কষ্টদায়ক। শুরু হবার পর এটা আসলে দুই দিকেই কেবল যেতে পারে। হয়তো সব ঠিকভাবে চলবে, অথবা ভুল পথে। অনেকটা ‘কর নয়তো মর’ বিষয়টি। এমন সময় থাকে যখন আমি থাকি খুবই শান্ত। তবে এমন দিনও থাকে যখন কোন কিছুই ঠিকভাবে চলে না। আমি ঘুমাতে পারি না। ভেতরে ভেতরে জ্বলতে থাকি। তখন আপনাকে একটা সমাধানের দিকে এগোতেই হয়।’ এদিকে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১২ জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবার আগে আর মাত্র একটি প্রীতি ম্যাচ হাতে পাচ্ছে ব্রাজিল। আগামী শুক্রবার সাওপাওলোতে সার্বিয়ার মুখোমুখি হবে সেলেকাওরা। বিশ্বকাপ যখন একেবারেই দোরগোড়ায় তখনও কিনা নেইমার ব্যস্ত তার বান্ধবীকে সময় দিতে। মাঠের বাইরের এমন ঘটনার পাশাপাশি স্কলারি হতাশ শিষ্যদের অনুশীলন দেখেও। আক্রমণ, মাঝমাঠ কিংবা রক্ষণ; কোন ক্ষেত্রেই ব্রাজিলের পারফরম্যান্স সর্বোচ্চ মানের কাছাকাছি ছিল না বলার পাশাপাশি স্কলারি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নেইমারদের এই খেলা মোটেই মন ভরাতে পারেনি তাদের। দেশের মাটিতে প্রথম বিশ্বকাপ জেতাতে এই পারফরম্যান্স মোটেই যথেষ্ট নয় জানিয়ে সাবেক চেলসি কোচ বলেন, ‘আমরা (স্ট্রাইকারদের) ঠিকভাবে সামলাতে পারিনি। মাঝমাঠেও প্রচুর জায়গা খালি ছিল এবং খেলোয়াড়দের পজিশন জ্ঞানেও চোখে পড়ার মতো ভুল ছিল।’ বিশ্বকাপ শুরুর মাত্র সপ্তাহখানেক আগে এই পারফরম্যান্স মোটেই গ্রহণযোগ্য নয় জানিয়ে ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই কোচ আরো বলেন, ‘আমরা বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে এমন আচরণ করতে পারি না। কনফেডারেশন্স কাপে যে পরিচিতিটা আমরা অর্জন করেছিলাম সেটাকে ভুলে যাওয়াটা হবে দুঃখজনক।’