দারুণ স্থিতিশীলতার জন্য প্রশংসিত আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা শেষ পর্যন্ত নিজের পছন্দের অন্যতম সেরা মিডফিল্ডার এভার বানেগাকে বাদ দিয়েই ঘোষণা করলেন ব্রাজিল বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দল।
বানেগার পাশাপাশি সাবেলার দলে গত কয়েক বছর যাওয়া-আসার মধ্যে থাকা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ও হোসে সোসাও বাদ পড়েছেন চূড়ান্ত দল থেকে। ওটামেন্ডি ও সোসার বাদ পড়ার মধ্যে দিয়ে টিকে গেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্টিন ডেমিকেলিস। আর বানেগাকে বাদ দিয়ে মাঝ মাঠে ইনজুরি সত্ত্বেও সাবেলা ভরসা রেখেছেন ফার্নান্দো গ্যাগোর ওপর।
২০১০ সালে ভ্যালেন্সিয়ার হয়ে অসাধারণ একটা মৌসুম কাটানোর পরও ম্যারাডোনার বিশ্বকাপ দলে উপেক্ষিত ছিলেন বানেগা। পরে নিউওয়েল ওল্ড বয়েসে ধারে যাওয়া এই রোসারিওর ফুটবলারকে সাবেলাই আবার দলে ফেরান। তখন থেকে ধারণাটা এরকম ছিল যে, ২০১৪ বিশ্বকাপে সাবেলার মাঝ মাঠে ভরসা হবেন বানেগা অথবা গ্যাগো। রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া হয়ে আবার বোকা জুনিয়র্সে আসা গ্যাগোর চোট সমস্যায় বানেগাই সেরা পছন্দ হবেন বলে অনেকে মনে করছেন। তাদের অন্তত ভুল প্রমাণ করে দিলেন সাবেলা।
এদিকে হোসে সোসার বাদ পড়াটা একরকম নিশ্চিতই ছিল। সেন্ট্রাল ডিফেন্সে প্রশ্ন ছিল নিকোলাস ওটামেন্ডি বা মার্টিন ডেমিকেলিস। দু’জনই ২০১০ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ০-৪ গোলের পরাজয়ের জন্য ব্যাপক সমালোচিত ছিলেন। তবে এর মধ্যে তুলনামূলক সাবেলা ওটামেন্ডিকেই বেশি খেলিয়েছেন পরে। কিন্তু বাজিটা শেষ পর্যন্ত পাবলো জাবালেতা, সার্জিও আগুয়েরোর সতীর্থ ডেমিকেলিসই জিতে গেলেন।
ডিফেন্স ও মিডফিল্ডে এই তিনটি বাদ ছাড়া মূলত চিরায়ত আক্রমণাত্মক দলই করেছেন সাবেলা। ফরোয়ার্ডে সেই তারকার ছড়াছড়ি। লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েই, সার্জিও আগুয়েরো ছাড়াও এজেকুয়েল লাভেজ্জি থাকছেন আক্রমণভাগে; এছাড়া আছেন ইন্টার মিলানের প্যালাসিও। মিডফিল্ডে অভিজ্ঞ বলতে আছেন হ্যাভিয়ের মাচেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেজরা।
আর্জেন্টিনার চূড়ান্ত দল
গোলরক্ষক: স্যার্জিও রোমেরো (মোনাকো), মারিয়ানো আনদুজার (কাতানিয়া), অগাস্টিন ওরিয়ন (বোকা জুনিয়রস)।
ডিফেন্ডার: এসকুয়েল গ্যারে (বেনফিকা), ফেডেরিকো ফার্নান্দেজ (নাপোলি), পাবলো জাবালেতা (ম্যানচেস্টার সিটি), মার্কোস রোজো (স্পোর্টিং লিসবন), হোসে বাসান্টা (মন্টেরে), হুগো কাম্পানিয়ারো (ইন্টার মিলান), মার্টিন ডেমিকেলিস (ম্যানচেস্টার সিটি)
মিডফিল্ডার: ফার্নান্দো গ্যাগো (বোকা জুনিয়রস), লুকাস বিগলিয়া (ল্যাজিও), হ্যাভিয়ার মাসচেরানো (বার্সেলোনা), অ্যাঞ্জেল ডি মারিয়া (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সি রড্রিগেস (নিওয়েলস ওল্ড বয়েস), রিকার্ডো আলভারেস (ইন্টার মিলান), অগাস্টো ফার্নান্দেজ (সেল্টা ভিগো), এনজো পেরেজ (বেনফিকা)।
ফরোয়ার্ড: স্যার্জিও অ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি), লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো হিগুয়েন (নাপোলি), এজেকুয়েল ল্যাভেজ্জি (পিএসজি), রড্রিগো পালাসিও (ইন্টার মিলান)।
