বিশ্বকাপের ক্ষণ যতই ঘনিয়ে আসছে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ততই উত্তপ্ত হয়ে উঠছে। আর সমর্থকদের মধ্যে আগ্রহের ভিত্তিতে সবচেয়ে এগিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোই। অন্তত ভারতে সাম্প্রতিক একটি জরিপ বলছে সেই কথাই। আর্জেন্টাইন তারকা লিয়নেল মেসি এবং ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পিছনে ফেলে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রোনাল্ডোকে ঘিরেই সমর্থকদের সব উত্তেজনা বিরাজ করছে। সে কারণেই শুধু প্রিয় তারকার সাম্প্রতিক খবারখবর খোঁজার জন্য সমর্থকরা গুগলের আশ্রয় নিচ্ছে। এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ইংলিশ ফুটবলার ওয়েইন রুনি ও স্প্যানিশ তারকা ফার্নান্দো তোরেস। ভারতীয় সমর্থকদের পছন্দের তালিকায় গত কয়েক আসর ধরেই ব্রাজিল শীর্ষস্থান দখল করে আছে। আর তাই আসন্ন বিশ্বকাপেও তাদের চোখ থাকবে পছন্দের দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নস সেলেসাওদের দিকেই। এছাড়া পছন্দের তালিকায় উপরের দিকে আরো যে দলগুলো রয়েছে তাদের মধ্যে ইংল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন এবং ইতালি অন্যতম। -বাসস
