ঘিওরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অবৈধভাবে অপসারণের অভিযোগ

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৩৯
মানিকগঞ্জের ঘিওরে তেরশ্রী কে.এন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস ও সহকারী শিক্ষক সমেশ্বর প্রসাদ রায় চৌধুরীর বিরুদ্ধে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অবৈধভাবে অপসারণ ও লাঞ্ছিত করাসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। অপসারিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেয়াসমিন আক্তার জানান, অবৈধভাবে ম্যানেজিং কমিটির সভাপতিকে পাস করানোর জন্য তার কাছে থেকে সমেশ্বর প্রসাদ রায় চৌধুরী ১০ হাজার টাকা ও পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আব্দুল কদ্দুস ও সমেশ্বর প্রসাদ রায় চৌধুরী তাকে হত্যার হুমকি দেন। এ বিষয়ে তিনি ঘিওর থানায় একটি জিডি করেন। ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কদ্দুস ও সহকারী শিক্ষক সমেশ্বর প্রসাদ রায় চৌধুরী তাদের বিরুদ্ধে আনীত সকল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, অব্যাহতি দেয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দিয়ে বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত্ শিক্ষা কার্যক্রম ব্যাহতসহ নানা ধরনের ক্ষতি সাধিত হচ্ছিল। অপরদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম জানান, বিষয়টি জটিল এ কারণে কোনো মন্তব্য করতে চাই না।