কুমিল্লার চান্দিনায় এক রাতে সামিট পাওয়ারসহ চার স্থানে ডাকাতি সংগঠিত হয়। সোমবার রাতে বেসরকারি বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুরের সামিট পাওয়ার, মাধাইয়া-নবাবপুর সড়কের কাশিমপুরে, কুটুম্বপুর-পরচঙ্গা সড়কের মুরাদপুর ব্রীজে এবং মাধাইয়ার গোবিন্দপুর গ্রামের এক হিন্দু বাড়িতে গৃহ ডাকাতি হয়।
ঐ দিন রাত সাড়ে ১২টায় মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুরের মুরাদপুর ব্রীজে গাছের গুঁড়ি ফেলে যাত্রীবাহী ৪টি সিএনজি অটোরিকশায় ডাকাতি করে ডাকাতদল।
একই রাত ২টায় একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক হিন্দু বাড়িতে ডাকাতি করে ডাকাত দল। মুখোশধারী সুরেশ মন্ডলের ছেলে নন্দন মন্ডল ও সচীন্দ্র মন্ডলের ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে যায়। এসময় ডাকাতের ছুরিকাঘাতে সচীন্দ্র মন্ডল আহত হয়।
রাত ৩টায় মাধাইয়া-নবাবপুর সড়কের কাশিমপুর ফকির বাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে ৭টি সিএনজি অটোরিকশায় ডাকাতি চালায়। একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুরের সামিট পাওয়ারে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে বলে জানা যায়।
গতকাল বুধবার এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, সামিট পাওয়ার লি: এর ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া ওই প্রতিষ্ঠানের কারো সংশ্লিষ্টতা আছে কি-না তাও খতিয়ে দেখা হবে।
