লিগের প্রথম পর্বে জয় পাওয়ায় মানসিকভাবে এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। লক্ষ্য ছিল আরেকটা জয় তুলে নেবে কোচ সফিকুল ইসলাম মানিকের মুক্তিযোদ্ধা। কারণ শেখ রাসেল এখন অপেক্ষাকৃত দুর্বল দল। কিন্তু সে সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। শেখ রাসেলের জালে বল রাখতে পারেনি মুক্তিযোদ্ধা। দুই দল গোল শূন্য ড্র করে ১ পয়েন্ট করে নিয়ে বাড়ি গেছে। শেখ রাসেল ড্র করলেও তাদের কাছে কষ্টের সীমা নেই। বাজে সময় যাচ্ছে এ দলটির। এখন দেশি ফুটবলারদের উপর নির্ভর করে লিগের দ্বিতীয় পর্বের শেষ ম্যাচগুলো খেলছে বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার কোনো সুযোগ তারা পাচ্ছে না। এখন যতটা ভালো খেলা যায়, তার জন্য খেলা। মন্দের ভালো বলতে যা বুঝায়। শেখ রাসেলের লক্ষ্য এখন এটাই। দ্বিতীয় পর্বে শেষ ম্যাচ খেলে মুক্তিযোদ্ধা ১৮ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থাকলো। আর এক ম্যাচ হাতে রেখে ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেখ রাসেল। দ্বিতীয় পর্বে শেখ রাসেলের শেষ ম্যাচ মোহামেডানের বিরুদ্ধে, ৮ জুন।
