বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলই চাপে থাকবে বলে জানালেন আর্জেন্টিনা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। তার মতে, সেলেচাওদের তুলনায় আর্জেন্টিনা স্বস্তিতে থাকবে।
স্বাগতিক ব্রাজিল এবারের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট। নৈপুণ্য দেখাতে পারলে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতবে তারা। তাছাড়া কোচ লুই ফিলিপ স্কোলারি আগেই জানিয়ে দিয়েছেন, নিজেদের মাটিতে ব্রাজিলের বিশ্বকাপ জেতা উচিত। যেমনটা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নিজেদের মাটিতে ১৯৭৮ সালের বিশ্বকাপ জিতে দেখিয়েছে।
স্বাগতিক হওয়ায় এবং গত বছর কনফেডারেশন কাপ জেতায় সঙ্গত কারণেই এবারের বিশ্বকাপে ব্রাজিল প্রত্যাশার চাপে ভুগবে বলে মনে করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘ব্রাজিল বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কনফেডারেশন কাপ জিতেছে। বিশ্বকাপেও তারা আত্মবিশ্বাসী থাকবে। কিন্তু তারা আমাদের চেয়ে বেশি চাপে থাকবে।’
ডি মারিয়ার দৃষ্টিতে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার দলটি তারকা সমৃদ্ধ, ‘প্রত্যেকেই জানে বিশ্বকাপ জেতা সহজ কিছু না। অনেক বছর ধরে আর্জেন্টিনা চ্যাম্পিয়নও হচ্ছে না, ফাইনালও খেলছে না। তবে এবার আমাদের খেলোয়াড়দের নিয়ে স্বস্তি অনুভব করা যায়। আমাদের দলে বিশ্বের সেরা ক্লাবগুলোর অনেক বড় বড় তারকা রয়েছে।’
ক্লাব ফুটবলে দারুণ একটি মৌসুম পার করেছেন ডি মারিয়া। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ক্লাব ফুটবলের নৈপুণ্য বিশ্বকাপে আর্জেন্টিনার হয়েও দেখাতে চান তিনি, ‘এটা ভাল একটি বছর ছিল। আমি সন্তুষ্ট। এখন আমি জাতীয় দল নিয়ে চিন্তা করছি। আশা করি ক্লাবের মতোই জাতীয় দলের হয়েও ভাল করবো। আমি লিগ এবং কোপা ডেল রেতে সতীর্থদের দিয়ে সবচে বেশি গোল করিয়েছি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছি। আমি মনে করি এটা আমার ক্যারিয়ারের সবচে ভাল একটি বছর।’
