ব্রাজিল ফ্রি-কিক থেকে সরাসরি গোল করার ক্ষেত্রে এগিয়ে আছে অন্য যে কোন দলের চেয়ে। পেনাল্টি সীমানার বাইরে থেকে এপর্যন্ত নয়বার ফ্রি-কিকে বল জালে জড়িয়েছে সেলেকাওরা। আর সেগুলোর কোন কোনটি তো স্থান করে নিয়েছে বিশ্বকাপ ইতিহাসেই সেরা গোলের তালিকায়।
সেই ১৯৭৯ বিশ্বকাপে দারকিউর ফ্রি-কিক বাতাসে ভাসতে ভাসতে পেরুর রক্ষণ প্রাচীর পেরিয়ে জালে জড়িয়ে যাওয়া কিংবা এর চার বছর পরে স্কটল্যান্ডের বিরুদ্ধে জিকোর বাঁকানো ফ্রি-কিক ব্রাজিলিয়ানদের ফ্রি-কিক দক্ষতার বড় পরিচায়ক। আর এতো দূরে যাবারও প্রয়োজন নেই। ২০০২ বিশ্বকাপে চীনের বিরুদ্ধে রবার্তো কার্লোসের সেই গোল কিংবা কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য এক ফ্রি-কিকে রোনালদিনহোর ইংলিশ গোলরক্ষক ডেভিড সিম্যানকে বোকা বানানোর ছবি নিশ্চিতভাবেই এখনো চোখে ভাসে ব্রাজিল সমর্থকদের। তবে ব্রাজিলের নেয়া ফ্রি-কিক সংখ্যার তুলনায় তাদের গোলসংখ্যা কমই মনে হতে পারে। এ পর্যন্ত ১৬৬ বার সরাসরি গোল পোস্টে ফ্রি-কিক নেবার সুযোগ পেয়েছে দলটি। যার মধ্যে মাত্র নয়বারই কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পেরেছে তারা।
