ভরা মওসুমেও পিরোজপুরের কাউখালীর কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ ৫টি নদীতে ইলিশের দেখা নেই। মাছের আশায় রাত-দিন নদীতে সময় পার করছেন জেলেরা। ইলিশ ধরা না পড়ায় জেলে ও মত্স্য ব্যবসায়ীদের দিন কাটছে চরম হতাশায়।
মাছ বাজারগুলোতে ইলিশের আমদানি না থাকায় অলস সময় কাটাচ্ছেন আড়তদাররা। উপজেলা মত্স্য অধিদপ্তর জানায়, কাউখালীতে দেড় হাজার জেলে রয়েছে। মার্চ-এপ্রিল মাসে নদীতে মাছ ধরা নিষিদ্ধ ছিল। বর্তমানে জেলেরা নদীতে মাছ শিকারে নেমেছে। সাখায়েত, বাদশা, হানিফসহ বেশ কয়েকজন জেলে জানান, নদীতে জাল ফেলে তারা যে মাছ শিকার করছেন তা দিয়ে ইঞ্জিনচালিত নৌকার তেলের খরচও উঠছে না। মাছ ধরা না পড়ায় তারা মহাজনের দাদনের টাকা পরিশোধ করতে পারছে না। বেশিরভাগ জেলে ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তির ভয়ে বাড়িতে যাচ্ছেন না। বর্তমানে জেলেরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর পানি কমে যাওয়ায় ইলিশের প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। ইলিশ না পেয়ে নদী থেকে জেলেদের শূন্য হাতে ফিরতে হচ্ছে। উল্লেখ্য, কাউখালীর কঁচা-সন্ধ্যা নদীর সুস্বাদু ইলিশ কাউখালীবাসীর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হয়।
