কুমিল্লায় বীমা কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে তিন খুন

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:৩৯
কুমিল্লায় আহত বীমা কর্মকর্তাসহ তিন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। আহত বীমা কর্মকর্তার মৃত্যু কুমিল্লায় গত বুধবার চাঁদাবাজদের হামলায় আহত বীমা কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জেলার সদর উপজেলার চান্দপুর এলাকায় রাজীব, নকিব ও জামাই সোহেলের নেতৃত্বে সংঘবদ্ধ চাঁদাবাজরা গত মঙ্গলবার রাতে রিয়াদ মোর্শেদ ওরফে ভিকি নামের এক স্থানীয় ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত বুধবার সকালে সংঘবদ্ধরা ভিকির বাড়ির সামনে গিয়ে ১০/১২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ৭/৮ রাউন্ড গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ঘটনাস্থলের ওই রাস্তা দিয়ে মোটর সাইকেলযোগে জীবন বীমা কর্পোরেশন কুমিল্লা অফিসের কর্মকর্তা নূরুল আমিন পাটোয়ারী অফিসে যাওয়ার পথে ককটেল হামলার শিকার হন। ফরিদপুরে নায়েব বাহিনী প্রধানের লাশ উদ্ধার ফরিদপুর সদর উপজেলার কাছারিটেক গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে নায়েব আলী ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও নায়েব আলী বাহিনীর প্রধান। ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সকালে স্থানীয়রা নায়েব আলীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মাথায় গুলি করে নায়েব আলীকে হত্যা করা হয়েছে বলেও তিনি জানান। নায়েব আলীর বড় ভাই সাহেব আলী জানান, ৭/৮ মাস আগে উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পায় নায়েব আলী। এরপর থেকেই ও ঢাকা থাকতো, একদিন আগেই ফরিদপুরে আসে। বুধবার রাতে নায়েব প্রতিবেশী এক বাড়িতে ঘুমাচ্ছিল। সেখান থেকে র্যাব পরিচয়ে তাকে ধরে নিয়ে যায় কয়েকজন। র্যাব-৮-এর ফরিদপুর কোম্পানি অধিনায়ক মেজর মোজাম্মেল জানান, এই ঘটনার সাথে র্যাবের কোন সংশ্লিষ্টতা নেই। ফুলপুরে পিক-আপ চালকের লাশ উদ্ধার ময়মনসিংহের ফুলপুর উপজেলার রওয়াবন্ধ (বনগাঁ) বটখালি বিলের খাল থেকে গতকাল বৃহস্পতিবার জহির খাঁ (২২) নামে এক পিক-আপ চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফুলপুর থানার ওসি জানান, জহিরের পেট ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।