সড়ক দুর্ঘটনা ও পৃথক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
হোসেনপুরে দুই শিশু নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক ঘটনায় শারমিন আক্তার (১০) ও ময়না আক্তার (৬) নামে দুই শিশু মারা গেছে। এলাকাবাসী জানান, বৃস্পতিবার সকালে হোসেনপুর উপজেলা সদর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার উপজেলা ধূলিহর রাস্তায় অটোরিকশার চাপায় নিহত হয়েছে। অপরদিকে উপজেলার দ্বিপেশ্বর গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে ময়না আক্তার পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। পুলিশ অটোরিকশাসহ চালক মুজিবুর রহমানকে আটক করেছে।
কিশোরীগঞ্জে ছাত্রীর আত্মহত্যা
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে দুলবি আক্তার (১৭) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরীগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, দুবলি ৫শ টাকা হারিয়ে ফেলায় তার পিতা তাকে গালমন্দ করায় সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সাঁথিয়ায় গৃহবধূর আত্মহত্যা
পাবনার সাঁথিয়ায় পারিবারিক কোলহের জেরে গতকাল বৃহস্পতিবার সকালে পান্না (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সে উপজেলার খালইভরা গ্রামের রাকিব হোসেনের স্ত্রী। বিয়ের পর থেকেই পান্নাকে শ্বশুর-শাশুড়ী নির্যাতন করে আসছিল। নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।
নান্দাইলে ছাত্রের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল-তাড়াইল সড়কে গত বুধবার রাতে ব্যাটারি চালিত ইজিবাইক ও পিক-আপের সংঘর্ষে রাজীব তালুকদার (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত ও ছয়জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
