চট্টগ্রাম—চাঁদপুর বিরতিহীন ট্রেন চালু করুন

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:৪৪
বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ ও গতিশীল করার ক্ষেত্রে চট্টগ্রাম থেকে সকাল ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম—চাঁদপুর বিরতিহীন ট্রেন চালু করা গুরুত্বপূর্ণ। কারণ চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলে যাতায়াত অতি সহজ, দ্রুত ও সাশ্রয়ী। তাছাড়া রাষ্ট্রের যোগাযোগব্যবস্থার বিকেন্দ্রীকরণে ও আগামীতে পদ্মা সেতুর সুরক্ষায় প্রস্তাবিত বিরতিহীন ট্রেন চালু করার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম—চাঁদপুর রেলপথে বর্তমানে মাত্র দুটি ট্রেন চলাচল করছে। ট্রেন দুটির নাম ‘সাগরিকা এক্সপ্রেস’ ও ‘মেঘনা এক্সপ্রেস’। শম্বুকগতি ও যত্রতত্র বিরতির ‘সাগরিকা এক্সপ্রেস’ কার্বন ডাই অক্সাইডের জেনারেটর ও টিটি-গার্ড-ড্রাইভারের ট্রেন হিসাবে খ্যাত। চট্টগ্রাম ও চাঁদপুরের মধ্যবর্তী ১৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ও ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেন দুটির ব্যয় হয় যথাক্রমে ৯ ঘণ্টা ও ৬ ঘণ্টা। রেল কর্তৃপক্ষ ট্রেন দুটির ৪টি ট্রিপের সময়সূচি, গতি, বিরতি এমনভাবে নির্ধারণ করেছেন যাতে কোনোক্রমেই দক্ষিণাঞ্চলের ২১ জেলার ১জন যাত্রীও ট্রেন দুটিতে যেতে না পারেন। চট্টগ্রাম—চাঁদপুর রেলপথে চালু ট্রেন দুটিতে দূরবর্তী ও সরাসরি যাত্রীদের যাতায়াত অবরুদ্ধ করে রেলপথ সংলগ্ন লোকাল যাত্রীদের যাতায়াত সংরক্ষিত করার কারণে এ রেলপথের কার্যকারিতা মাত্র ২০%। ফলে রেলবিভাগ হারাচ্ছে বিপুল রাজস্ব আয়। আর তাই চট্টগ্রাম—চাঁদপুর বিরতিহীন ট্রেন চালু করার জন্য আশু উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। এম এ শাহেনশাহ, সহযোগী অধ্যাপক (আই.ই.আর.টি.), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম