ঢাকা-চট্টগ্রাম রুটে ১৪ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:৪৭
ঢাকা-চট্টগ্রাম রুটে ১৪ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২-২০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কন্টেইনার ট্রেন ফাজিলপুর স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটির ৪টি ট্রেইলার লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিথা, চট্টগ্রাম মেইল, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহায়। বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং চট্টগ্রাম থেকে এসে উদ্ধার কাজ শুরু করে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কন্টেইনার ট্রেনের ৪টি ট্রেইলার উদ্ধার করার পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়। এদিকে দুর্ঘটনার কারন অনুসন্ধানে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।