ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা বাস চলাচল বন্ধ

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:৪৮
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ঢাকামুখী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দেয়ায় ড্রাইভারের ওপর হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১১টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। ফলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা গন্তব্যে কোন যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। জানা যায়, বুধবার রাতে নিউ লাইন সার্ভিসের এক চালকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকার করায় সকালে সন্ত্রাসীরা নিউ লাইন ও বিআরটিসি’র বাস কাউন্টারে ব্যাপক ভাংচুর চালায়। এরপরই ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্বরোড থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।