তরুণ পেসার তাসকিন আহমেদ ও উইকেটকিপার কাম ব্যাটসম্যান মিথুন আলীকে দলে রেখে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকায় অনুষ্ঠেয় দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে অনেক আগেই দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৩ জুন ঢাকায় আসবে ভারতীয় দল। ১৫, ১৭ ও ১৯ জুন শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় তিনটি ওয়ানডেই হবে দিন রাত্রির। অভিষেক না হলেও ১৯ বছর বয়সী তাসকিন ও মিথুন উভয়ে এর আগে জাতীয় দলের প্রাথমিক তালিকায় ছিলেন।
জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমদ বলেন, ‘আমরা কম-বেশি একই রকম দলই রেখেছি। তবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে আমাদের ক্রিকেট সামর্থ্যের গভীরতা সম্পর্কে ধারণা পাওয়াও গুরুত্বপূর্ণ।’
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফারুক আহমদ আরো বলেন, ‘বেশ কিছু সময় ধরেই মিঠুন আমাদের নজরে ছিল। গত কয়েক বছর ধরে সে সীমিত ওভারের পাশাপাশি বড় ঘরানার ক্রিকেটেও ধারাবাহিকতা দেখাচ্ছে। সেজন্য আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার দাবিদার সে।’
তিনি আরো বলেন, ‘তাসকিনও দারুণ সম্ভাবনাময় এবং ইতোমধ্যে সে একটি টি-টোয়েন্টি খেলেছে। ভাল মানের ব্যাটসম্যানদের বিরুদ্ধে নিজেদের কন্ডিশনে ৫০ ওভারের খেলায় সে কেমন খেলে তা দেখার জন্য এটা ভাল সুযোগ বলে আমরা মনে করি।’
গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন মিথুন আলী। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তাসকিন আহমেদ।
বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে পরলে তার বদলি হিসেবে জাতীয় দলে সুযোগ হয় তরুণ পেসার তাসকিনের। বিশ্বকাপে সুপার টেনের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং করেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে ২৪ রান খরচায় এক উইকেট শিকার করেন তিনি।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, শামসুর রহমান, এনামুল হক, সাকিব আল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মিথুন আলী, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
