অভিমানী স্কুলছাত্রী হতাশ ব্যবসায়ীর আত্মহত্যা!

আপডেট : ০৫ জুন ২০১৪, ২৩:১৪
গত ২৪ ঘন্টায় রাজধানীতে হতাশ এক ব্যবসায়ী ও এক অভিমানী স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে গাবতলীর হরিরামপুর এলাকায় স্থানীয় সিদ্ধান্ত হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সায়মা আক্তার (১৬) আত্মহত্যা করেন। এছাড়া বুধবার গভীর রাতে রাজধানীর মগবাজার এলাকায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন ব্যবসায়ী মিজানুর রহমান (৪২)। দারুসসালাম থানা সূত্র জানিয়েছে, সায়মার মা গতকাল দুপুরে লেখাপড়ার জন্য তাকে বকাঝকা করেন। এ নিয়ে অভিমান করে সায়মা নিজের কক্ষে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়। তবে কর্তব্যরত চিকিত্সক সায়মাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সায়মা শরিয়তপুর জেলার সখিপুর থানার মো. শহিজ আহম্মেদের মেয়ে। এদিকে কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ জানায়, ব্যবসায়ী মিজানুর রহমান সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসায় ক্রমাগত লোকসানে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সেই হতাশা থেকেই ট্রেনের নিচে ঝাঁপ দেন মিজানুর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মিজানুর রাজধানীর কলাবাগানে পরিবার নিয়ে বসবাস করতেন।