কৃষিতে উত্পাদন ব্যয় কমাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি

আপডেট : ০৫ জুন ২০১৪, ২৩:১৭
কৃষিক্ষেত্রে উত্পাদন খরচ কমানোর জন্য সার, বীজ, সেচসহ কৃষি উপকরণে সহায়তার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে ৯ হাজার কোটি টাকা সহায়তা বা ভর্তুকি প্রদানের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরও এ খাতে একই পরিমাণ ভর্তুকি দেয়া হয় । জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। তিনি বলেন, কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। অর্থমন্ত্রী বলেন, আগের মতোই বর্গাচাষীদের জামানত ছাড়া কৃষিঋণ প্রদান করা হবে। এছাড়া কৃষকের সকল তথ্যসম্বলিত ডাটাবেজ তৈরি করা হবে। কৃষিখাতে আগের সকল সহায়তা অব্যাহত থাকবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বীজ সরবরাহ বাড়ানো হবে। জৈবপ্রযুক্তি ও জেনেটিক প্রকৌশলকে গুরুত্ব দেয়া হবে। প্রয়োজনীয় প্রণোদনার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলাকে বিশেষভাবে উত্সাহিত করা হবে। বরাবরের মতো এবারও কৃষি গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। অর্থকরী ফসলের ‘জীবন রহস্য’ আবিষ্কারের মাধ্যমে খরা, লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু উচ্চফলনশীল জাত উদ্ভাবনের ধারাকে বেগবান করা হবে। কৃষি গবেষণায় জলবায়ু পরিবর্তনের প্রভাবকে সহনশীল রাখার জন্য দ্রুত প্রযুক্তি আবিষ্কারে জোর দেয়া হবে। কৃষি খাতের অর্জনকে টেকসই করা, কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ‘জাতীয় কৃষিনীতি-২০১৩’ প্রণয়ন করেছি।