সোনারগাঁওয়ে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানিতে ব্যর্থ হয়ে তাকে টেটাবিদ্ধ করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মুছা মেম্বারের সাথে একই গ্রামের তাহের আলীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মুছা মেম্বারের ভাই আহম্মদ আলীর দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে তাহের আলীর ছেলে ইকবাল ও তার সহযোগী কাওসার, এবাদুল, হাবিবুর, সাইফুল ও জুয়েল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার রাতে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ইকবালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় তার আর্ত চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা স্কুলছাত্রীকে মারধর করতে থাকে। একপর্যায়ে বখাটেরা স্কুল ছাত্রীকে টেঁটাবিদ্ধ করে পালিয়ে যায়। এরই জের ধরে ওই ছাত্রীর স্বজনরা ইকবালের বাবা তাহের আলীকে কুপিয়ে জখম করে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মুছা মেম্বারের লোকজনের ৭টি ঘর ভাংচুর করে লুটপাট চালায় তাহের আলীর লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
